ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ছিন্নমূল মানুষের অনেকেই কোরবানির মাংস সংগ্রহ করে তা পুনরায় নিুবিত্ত ও হোটেল মালিকদের কাছে বিক্রি করেছেন।
ইসলাম ধর্মের রেওয়াজ অনুযায়ী, কোরবানির পশুর এক-তৃতীয়াংশ মাংস গরিবদের মধ্যে বিলি করতে হয়। সে মাংস সংগ্রহ করে সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে তা বিক্রি হতে দেখা যায়।
মাংস বিক্রি করে ছিন্নমূল মানুষরা যেমন কিছু নগদ টাকা হাতে পেয়েছেন, অন্যদিকে কম দামে কিনতে পেরেছেন ক্রেতারা।
বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা নূরুল ইসলামকে মহাখালী রেল ক্রসিং এলাকা থেকে মাংস কিনতে দেখা যায়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দাম কম পাওয়ায় ১ হাজার ৮০০ টাকায় প্রায় ১০ কেজি মাংস কিনেছি, যার কিছু অংশ গ্রামের বাড়িতে মায়ের কাছে পাঠিয়ে দেবো।"
ইচ্ছা থাকলেও পশু কোরবানি দেওয়ার সামর্থ্য ছিলো না নূরুল ইসলামের। তাই এভাবেই মাংস কিনলেন তিনি। বাজার মূল্যে তার কেনা মাংসের দাম দাঁড়ায় ২ হাজার ৫০০ টাকা। সে তুলনায় লাভই হয়েছে, বলেন নূরুল।
ঈদে বিভিন্ন স্থান থেকে মাংস পেলেও সংরক্ষণের স্থান না থাকায় বিক্রি করছেন বলে জানালেন রমিজ মিয়াসহ কয়েকজন।
পরিচ্ছন্নতাকর্মী রমিজ বলেন, "বাড়ি বাড়ি থেকে মাংস সংগ্রহ করেছি। তা বিক্রি করে প্রায় ২ হাজার টাকা পেয়েছি।"
পলাশী ফুটপাতের ঝুপড়ির বাসিন্দা আব্দুল কাদের জানান, তিনি প্রায় ১০ কেজি মাংস সংগ্রহ করেন এবং তার বেশিরভাগই বিক্রি করেন।
মহাখালী ও পলাশীর মতো মিরপুর, বকশীবাজার, কারওয়ান বাজার, আজমপুর এলাকায়ও এক দিনের জন্য এ ধরনের বাজার বসতে দেখা যায়। হোটেল মালিকরাও কিনেছেন এসব মাংস।
নাম প্রকাশে অনিচ্ছুক চানখারপুল এলাকার এক হোটেল মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দামে কম হওয়ায় প্রায় ১০ কেজির মতো মাংস কিনেছি।
"এসব মাংসের মান ভালো," বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/প্রতিনিধি/এমআই/২৩৩৭ ঘ.
bdnews24