২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহের পুলিশ খুনের মামলায় গ্রেপ্তার ৯

দু'মাসেরও বেশি সময় পর ঝিনাইদহের পুলিশ কর্মকর্তা মিরাজুল ইসলাম খুনের মামলায় নয়জন গ্রেপ্তার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2011, 04:22 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঝিনাইদহ, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'মাসেরও বেশি সময় পর ঝিনাইদহের পুলিশ কর্মকর্তা মিরাজুল ইসলাম খুনের মামলায় নয়জন গ্রেপ্তার হয়েছে। তাদের কাছ থেকে মিরাজুলের ব্যবহৃত পিস্তল ও মোবাইল ফোন সেটসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার সবাই একটি আন্তজেলা সড়ক ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে। গত ২৩ অগাস্ট রাতে ঝিনাইদহ শহরে অফিস থেকে কাজ শেষে কর্মস্থল ডাকবাংলা পুলিশ ক্যাম্পে ফেরার পথে উপ-পরিদর্শক মিরাজুল ইসলাম নিহত হন। পরদিন ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের পাশে প্রতাপপুর গ্রামের একটি ধানক্ষেতে তার লাশ পাওয়া যায়। ওই ঘটনায় ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আব্দুল হালিম মোল্লা জানান, গত ২৪ অক্টোবর রাজবাড়ির পাংশা উপজেলার নিমতলা গ্রামের লিয়াকত শেখ ওরফে লিয়া ও তার ভাই আমজাদকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য ধরে কুষ্টিয়া, ফরিদপুর ও রাজবাড়ীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় আলম হোসেন ওরফে আলো, তার স্ত্রী পদ্মা বেগম, মোকতার হোসেন, আক্কাস আলি সর্দার ওরফে বুড়ো, আব্দুর রহিম, জসিম মোল্লা ও শাহীনকে। তিনি আরো বলেন, গ্রেপ্তার পদ্মার কাছ থেকে এসআই মিরাজুলের মোবাইল ফোন সেট উদ্ধার করা হয় বলে জানান তিনি। এছাড়া নিমতলা গ্রাম থেকে লিয়া ও আমজাদের দেখিয়ে দেওয়া স্থান থেকে মিরাজুলের ব্যবহৃত পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করে পুলিশ। পুলিশ হামলাকারীদের ব্যবহৃত পিকআপ ভ্যানটিও উদ্ধার করেছে। ২৪ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এ অভিযান চলে বলে পুলিশ কর্মকর্তা জানান। গ্রেপ্তার মোকতার হোসেন, লিয়াকত শেখ ওরফে লিয়া, আমজাদ শেখ, আলম হোসেন ওরফে আলো, তার স্ত্রী পদ্মা বেগম ও আক্কাস আলি সর্দার ওরফে বুড়ো আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দির বরাত দিয়ে তদন্ত কর্মকর্তা বলেন, হামলাকারীদের ১৪ জনের দল ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কে অবরোধ দিয়ে এসআই মিরাজুল ইসলামকে থামায়। ওই সময় মিরাজুল মোটরসাইকেল ঘোরাতে গেলে তারা মাথায় লাঠির আঘাত করে তাকে ফেলে দেয়। এরপর তারা মিরাজুলকে দড়ি ও গামছার সাহায্যে ফাঁস দিয়ে হত্যা করে। পরে লাশ মাঠে কাদা-পানির ভেতর ফেলে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.