আশিক হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের বছর অনেক জাল টাকা পেয়েছি, কিন্তু এ বছর এখনো জাল টাকা পাইনি- বলছিলেন গরু বিক্রেতা তসলিম ব্যাপারী।
ঈদুল আজহায় বিক্রি করতে চাঁপাই নবাবগঞ্জ থেকে গরু নিয়ে গাবতলী হাটে এসেছেন তিনি।
জাল টাকা শনাক্তকরণ যন্ত্রের কার্যকারিতায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, "গরীব মানুষ যদি জাল টাকা পায় তাহলে পথে বসা ছাড়া কোনো গতি নাই। তবে এখানে সব কিছু খুব সুন্দরভাবে হচ্ছে। মেশিনে জাল টাকা ধরার ব্যবস্থা করায় আমরা বেঁচে গেলাম।"
এ বছর রাজধানীর সবচেয়ে বড় গরুর হাট গাবতলী হাটসহ ১৯টি হাটে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় জাল টাকা শনাক্ত করার যন্ত্র বসিয়েছে ডিএমপি পুলিশ।
পুলিশের পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের উদ্যোগেও এ সব হাটে বসানো হয়েছে জাল টাকা শনাক্ত করার মেশিন।
রাজধানীর কয়েকটি হাট সরেজমিনে ঘুরে দেখা যায়, এসব যন্ত্রের কার্যকারিতায় সন্তোষ প্রকাশ করে অধিকাংশ ক্রেতা-বিক্রেতা।
গাবতলী হাটে ডিএমপি পুলিশের বুথ রয়েছ দুটি, সেচ্ছাসেবক সংস্থা এক্সিলেন্স কর্পোরেশনের দুটিসহ সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক প্রত্যেকটির একটি করে জাল টাকা শনাক্ত করার বুথ রয়েছে।
গাবতলী হাটে গরু কিনতে আসা বেসরকারি চাকরিজীবী মোহাম্মদপুরের বাসিন্দা সামি হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বছর জাল টাকা শনাক্তকরার যন্ত্রের কারণে অনেক ক্রেতা-বিক্রেতা প্রতারণার হাত থেকে রক্ষা পাচ্ছে।"
কুষ্টিয়ার গরু ব্যবসায়ী মীরাজ ব্যাপারী বলেন, "এ ব্যবস্থা করে সরকার ও পুলিশ খুব ভালো কাজ করেছে। আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য খুবই ভালো হয়েছে।"
গাবতলী হাটে সোনালী ব্যাংকের বুথের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. আমিরুল হক বলেন, "প্রচুর মানুষ প্রতিদিন আসছেন টাকা পরীক্ষা করাতে। এখনো পর্যন্ত কোনো জাল টাকা ধরা পরার খবর পাওয়া যায়নি।"
এখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা প্রত্যেককে সহযোগিতা করার চেষ্টা করছি। শনিবার সকাল পর্যন্ত হাটে কোনো জাল টাকার সন্ধান পাওয়া যায়নি।"
রাজধানীর শাহজানপুরের গরুর হাটে গরু বিক্রেতা ঝিনাইদহের আজিজুল ব্যাপারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এখানে এ ব্যবস্থায় খুবই সন্তুষ্ট। এ বছর জাল নোটের অপতৎপরতা অনেক কম।"
এই হাটে পুলিশ কোনো জাল টাকার সন্ধান না পেলেও ডাচ বাংলা ব্যাংকের বুথে সকালে একটি এক হাজার টাকার একটি জাল নোট ধরা পড়ে।
ডাচ বাংলা ব্যাংকের বুথের দায়িত্বে থাকা কর্মকর্তা মাহাবুবুর রহমান এ কথা জানান।
এখানে পুলিশের একটি বুথসহ ডাচ বাংলা ব্যাংক, সোসাল ইসলামী ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংকের একটি করে জাল টাকা শনাক্তকরণ বুথ রয়েছে।
পুলিশের এস আই লতিফুর রহমান বলেন, "এখনো আমরা কোনো জাল টাকা পাইনি।"
ডিএমপি পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশ্রাফুজ্জামান দৌলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কেন্দ্রীয় ব্যাংক শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে জাল টাকা শনাক্ত করার ১৫টি যন্ত্র দিয়েছে। এছাড়া পুলিশের পাঁচটিসহ মোট ২০টি যন্ত্র রাজধানীর বিভিন্ন পশুর হাটে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে বসানো হয়েছে। এখন পর্যন্ত এসব যন্ত্রে কোনো জাল নোট ধরা পরেনি।"
গত এক মাসে রাজধানীতে জাল টাকা তৈরি চক্রের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার এবং প্রায় এক কোটি টাকার জাল নোট উদ্ধারের পর বাংলাদেশ ব্যাংক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই যন্ত্র সরবরাহ করে।
মুসলমান স¤প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহায় কোরবানির পশু কেনাবেচায় বিপুল পরিমাণ নগদ অর্থ হাতবদল হয়ে থাকে।
ডিএমপি পুলিশের কর্মকর্তা আশ্রাফুজ্জামান বলেন, "জালিয়াতরা এই সুযোগটির অপেক্ষায় থাকে। কারণ পশুর হাটগুলোতে কোনো বাধা ছাড়াই সহজেই জাল টাকা ছড়িয়ে দেওয়া সম্ভব।"
পুলিশ গত এক মাসে প্রায় এক কোটি টাকার জাল নোট উদ্ধার করে এবং জালিয়াত চক্রের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছে।
ঢাকা সিটি কর্পোরেশন অনুমোদিত ১৩টি এবং জেলা প্রশাসকের অনুমোদিত ছয়টি মিলিয়ে রাজধানীতে মোট বৈধ হাট ১৯টি। এবছরই প্রথম প্রত্যেকটি হাটেই পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে বসানো হয়েছে জাল টাকা শনাক্ত করার যন্ত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/পিডি/২১০৪ ঘ.
bdnews24