২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ শূন্যতা পূরণ হওয়ার নয়: খালেদা

ভূপেন হাজারিকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2011, 02:15 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূপেন হাজারিকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত শোকবার্তায় খালেদা জিয়া প্রয়াত এই শিল্পীর অবদানের কথা স্মরণ করে বলেন, "জাতিগত সংঘাত, অন্যায়-অবিচার, শোষণের বিরুদ্ধে প্রতিরোধে তার রচিত অবিনাশী গান অসহায় নিপীড়িত মানুষকে চিরদিন উদ্দীপনা যোগাবে।" তিনি প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করেন। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুটি কিডনিই বিকল হয়ে যাওয়ায় চার দিন ধরে ডায়ালিসিস চলার পর শনিবার বিকেলে মারা যান এই শিল্পী। ১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর ভারতের আসাম রাজ্যে জন্মগ্রহণ করেন ভূপেন হাজারিকা। মাত্র ১০ বছর বয়স থেকেই গান লিখে সুর দিতে থাকেন। বিবৃতিতে খালেদা বলেন, "বিভিন্ন ভাষায় গান গেয়ে তিনি এ অঞ্চলের মানুষের মনে ঠাঁই করে নিয়েছেন। তার পরলোকগমনে এই উপমহাদেশের যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণীয় নয়।" একই সঙ্গে প্রয়াত শিল্পীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যসহ গুণগ্রাহীদের প্রতি সমবেদনাও জানান বিরোধীদলীয় নেতা। দলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও প্রখ্যাত গীতিকার প্রয়াত লোকমান হোসেন ফকিরের রেখা 'জীবনধর্মী' গান গেয়ে শিল্পী ভূপেন হাজারিকা বাংলাদেশের মানুষের মনে একজন প্রিয় শিল্পী হিসেবে দৃঢ় অবস্থান করে আছেন বলেও বিবৃতিতে উল্লেখ করেন বিএনপি চেয়ারপার্সন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০১০ ঘ.