২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে ঈদে ঘরমুখো যাত্রীরা ভোগান্তিতে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2011, 02:01 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

গাজীপুর, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে ঈদে ঘরমুখো যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। সরেজমিনে দেখা যায়, শনিবার সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন সড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। দুপুরের দিকে অন্যান্য সড়কে গাড়ি চলাচল তুলনামূলক স্বাভাবিক থাকলেও বিকালের পর থেকে এসব সড়কে যানজট সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুরের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত পুরো রাস্তায়ই দেখা যায় গাড়ির দীর্ঘ লাইন। চন্দ্রা ও আশপাশের এলাকায় ঘরমুখো প্রচুর তৈরি পোষাক শ্রমিককে গাড়ির জন্য রাস্থার পাশে অপেক্ষা করতে দেখা গেছে। গোড়াই মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সন্ধ্যায় জানান, বঙ্গবন্ধু সেতু থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল সড়কের দু'পাশেই গাড়ির বেশ চাপ রয়েছে। সকাল থেকেই গাড়িগুলো খুবই ধীর গতিতে চলছে। "মনে হবে যানজট লেগেছে। আসলে যানজট নয়, গাড়ি চলছে খুবই ধীর গতিতে।" বলেন সানোয়ার হোসেন। সকালে চন্দ্রা থাই এ্যালমুনিয়ামের কাছে পাত্তি (স্প্রিং) ভেঙ্গে একটি ট্রাক রাস্থায় বিকল হয়ে গেলে এ সড়কে একঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিলো। এসময় কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী থেকে জিরানী বাজার এবং বাড়ইপাড়া বাজার থেকে চন্দ্রা পর্যন্ত ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। দুপুরের দিকে গাজীপুরের টঙ্গী স্টেশন রোড, চেরাগ আলী, গাজীপুরা, জয়দেবপুর চৌরাস্তা, কোনাবাড়ি এলাকায় যানবাহন চলাচল অনেকটাই স্বাভবিক ছিলো। কিন্তু বিকালের পর থেকে এসব রাস্থায় পরিবহনের চাপ বেড়েছে বলে জানায় পুলিশ। কোনাবাড়ি এলাকায় দায়িত্বরত মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, কোনাবাড়ি এলাকায় দুপুর ২টা পর্যন্ত দিকে গাড়ি চলাচল অনেকটাই স্বাভাবিক ছিলো। কিন্তু সন্ধ্যার দিকে এ সড়কের কিছু কিছু এলাকায় যানজট তৈরি হয়। একই ধরনের অবস্থার কথা জানান ভোগড়া বাইপাস এলাকার নাওজোর থেকে উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাত হোসেন। ঢাকা-ময়মনসিংহ সড়কে ঢাকামুখী গাড়িগুলো অনেকটা যাত্রীশূন্য থাকলেও ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী বাস, মিনিবাস, ট্রাক, লেগুনার ছাদেও ছিলো ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। গাজীপুরের পুলিশ সুপার (এসপি) আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যানজট কমাতে বিভিন্ন পয়েন্টে প্রায় এক হাজার পুলিশ কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/১৯৫৬ ঘ.