২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব ধর্মের মানুষের জন্য কাজ করছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার বাংলাদেশের সব ধর্মের মানুষের জন্য কাজ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার বাংলাদেশের সব ধর্মের মানুষের জন্য কাজ করছে। রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে কঠিন চিবর দান ও বৌদ্ধ ধর্মীয় মহাসমাবেশে শনিবার শেখ হাসিনা এ কথা বলেন। মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, ৭১-এ সব ধর্মের মানুষ বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলো। "বাংলাদেশে সব সম্প্রদায়ের নাগরিক স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে।" বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সংবিধানে সব ধর্মের অধিকার রক্ষা করে ধর্ম নিরপেক্ষতা রাখা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "মাঝে এই অধিকার ছিলো না। মৌলবাদকে উস্কে দেওয়ার জন্য ও স্বাধীনতাবিরোধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার জন্য জিয়াউর রহমান সংবিধানকে ক্ষত-বিক্ষত করে।" সংবিধানের পঞ্চদশ সংশোধনীর প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, "আমরা সংবিধানের সংশোধন করে আগের চেতনায় ফিরিয়ে এনেছি।" পঞ্চদশ সংশোধনী সংসদে পাস হয় গত ৩৯ জুন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে এই বৌদ্ধ বিহারের জন্য এক বিঘা জমি এবং এবার আরো এক বিঘা জমি দেওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা আশা প্রকাশ করেন, এখানে একটি দৃষ্টিনন্দন বৌদ্ধ বিহার নির্মিত হবে। থাইল্যান্ড থেকে বিনা শুল্কে তিন'শ ৫৩টি বৌদ্ধ মূর্তি বাংলাদেশে নিয়ে আসার কথাও জানান তিনি। বৌদ্ধ বিহারের সংঘরাজ ধম্ম সেন মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জিয়ানি, সাংসদ কে এম রহমতুল্লাহ প্রমুখ। এর আগে, প্রধানমন্ত্রী বৌদ্ধ বিহারের নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯৩২ ঘ.