২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ট্রেনের ছাদ থেকে পড়ে' যুবকের মৃত্যু

নওগাঁর রানীনগর রেল স্টেশন এলাকা থেকে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2011, 12:22 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

নওগাঁ, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর রানীনগর রেল স্টেশন এলাকা থেকে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টায় রেল লাইনের পশে হারুনুর রশিদের (২৭) লাশ পাওয়া যায়। হারুন নারায়ণগঞ্জের এক পোশাক করখানায় কাজ করেন। ঈদের ছুটিতে ট্রেনের ছাদে চড়ে বাড়ি ফিরছিলেন। তার বাড়ি গাইবান্দার পলাশবাড়ী উপজেলার জবরজানি গ্রামে। রানীনগর রেল স্টেশন মাস্টার মোজাফফর হোসেন জানান, হারুনের পকেটে পাওয়া মোবাইল ফোন থেকে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে তার পরিচয় জানা গেছে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্টেশন মাস্টার আরো বলেন, শুক্রবার রাতে হারুন ট্রেনের ছাদে উঠে বাড়ি ফিরছিলেন বলে মোবাইল ফোনে পরিবারের সদস্যদের জানান। তাই ধারণা করা হচ্ছে ট্রেনের ছাদ থেকে রাতে কোনো এক সময় স্টেশনের ওভার ব্রিজে ধাক্কা খেয়ে অথবা ঘুমন্ত অবস্থায় তিনি পড়ে গিয়ে থাকতে পারেন, বলেন মোজাফফর। সান্তাহার জিআরপি'র ওসি জসিম উদ্দিন জানান, এ ব্যাপারে জিআরপি থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮১৮ ঘ.