চট্টগ্রাম, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোরবানির ঈদ উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ছয় বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সগীর মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লঘু অপরাধে দণ্ডপ্রাপ্ত এবং শারীরিকভাবে অসুস্থ বয়স্ক বন্দিদের মধ্যে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই ছয় জনকে মুক্তি দেওয়া হয়েছে।
এরা হলেন- কবির আহমেদ, মিলন দাশ, দুলাল মিয়া, শাহ আলম, আব্দুল হান্নান ও আব্দুল করিম।
শুক্রবার বেলা ১২টার দিকে তাদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়। বেলা ২ টার দিকে ছয় বন্দির সবাই মুক্তি পান।
জেল সুপার জানান, মুক্তিপ্রাপ্তদের মধ্যে কবির আহমদের বয়স প্রায় ৭৫ বছর। অস্ত্র আইনের একটি মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়া কবির ইতোমধ্যে দুই বছর সাজা ভোগ করেছেন। তবে তার চোখ দুটি নষ্ট হওয়ার পথে। আরেক মুক্তিপ্রাপ্ত মিলন দাশও (৭০) বিভিন্ন রোগে ভুগছেন।
"এ দুজনকে বয়স ও অসুস্থতার বিবেচনায় মুক্তি দেওয়া হয়েছে," বলেন জেল সুপার।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে বাকি চারজন মাদক বিক্রিসহ বিভিন্ন লঘু অপরাধে কারাদণ্ড পান।
জেল সুপার জানান, চার জন বয়স্ক ও আট জন লঘু অপরাধে দণ্ডিতসহ মোট ১২ জনের মুক্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। এরমধ্যে ছয় জনের আবেদন মন্ত্রণালয় মঞ্জুর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/১৭৩১ ঘ.
bdnews24