২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সাজা খেটে ফিরলো ১১ বাংলাদেশি

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে বিভিন্ন মেয়াদে সাজা খাটার পর ১০ কিশোরসহ ১১ বাংলাদেশি দেশে ফিরেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 11:18 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

দিনাজপুর, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে বিভিন্ন মেয়াদে সাজা খাটার পর ১০ কিশোরসহ ১১ বাংলাদেশি দেশে ফিরেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশের হিলি চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ এই ১১ জনকে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এরা হলেন- ঠাকুরগাও জেলার কবির হোসেন, সোলেমান আলী, সাদিকুল ইসলাম, আনিছুর রহমান; টাঙ্গাইল জেলার কৃষ্ণ চন্দ্র পাল; শরিয়তপুর জেলার হযরত আলী; দিনাজপুর জেলার আব্দুর রাজ্জাক, ইকরামুল হক, আব্দুর রহমান, কেশব চন্দ্র রায় এবং ঠাকুরগাঁও জেলার আবুল কালাম (২৫)। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি নূরল ফেরদৌস জানান, এই ১১ জন দিনাজপুর, ঠাকুরগাঁও এবং জয়পুরহাট জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বিভিন্ন সময়ে ভারতে প্রবেশের পর আটক হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারত সরকার তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়। এদের মধ্যে ১০ জনের বয়স ১৮ বছরের কম হওয়ায় আদালত তাদের কারাগারে না পাঠিয়ে হোমে রাখার নির্দেশ দেয়। তাদের রাখা হয় ভারতের দক্ষিণ দিনাজপুরের (বালুরঘাট) শুভায়ন অবজারভেশন হোমে। শুভায়ন অবজারভেশন হোমের সুপারিনটেনডেন্ট শান্তনু চৌধুরী সাংবাদিকদের জানান, এই ১০ কিশোরের মধ্যে কারো কারো সাজার মেয়াদ ১৭ থেকে ২০ মাস আগেই শেষ হলেও দুই দেশের আইনি প্রক্রিয়া শেষ করতে সময় লেগে যায়। পরে কলকাতার বেসরকারী সংস্থা সোসাইটি ফর পার্টিসিপেটরি অ্যাকশন এন্ড রিফ্লেকশন (স্পার) এবং রাজশাহীর অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি) সহযোগিতায় তাদের ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। এসিডির প্রোগ্রাম অফিসার আবুল কালাম আজাদ জানান, শুভায়ন অবজারভেশন হোমে বাংলাদেশি ১৯ কিশোর রয়েছে। এর মধ্যে ১০ জন ফিরলো। অন্যদের নাম-ঠিকানা নিয়ে সমস্যা থাকায় তারা ফিরতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৭১৪ ঘ.