বরিশাল, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার স্কুলছাত্রী সেঁজুতির আত্মহত্যার ঘটনায় পুলিশের অবহেলা খুঁজে দেখতে আরো এক সপ্তাহ সময় পেয়েছে তদন্ত কমিটি।
বরিশালের পুলিশ সুপার (এসপি) দেবদাস ভট্টাচার্য বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমকে জানান, তিন সদস্যের এই তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরো সাত দিনের সময় চাইলে তা বাড়ানো হয়েছে।
সেঁজুতির পরিবারের অভিযোগ, ১৫ অক্টোবর সন্ধ্যায় চাচাত ভাই নয়ন কৌশলে সেঁজুতিকে ঘর থেকে ডেকে নেয়। এরপর গ্রামের ছয়জন মিলে তাকে ধর্ষণ করে। কয়েকদিন পর নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সেঁজুতি।
তার আত্মহত্যার ঘটনায় পুলিশ প্রশাসনের কর্তব্যে অবহেলা ছিল- এমন অভিযোগ ওঠার পর বিষয়টি খতিয়ে দেখতে গত মঙ্গলবার এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয় সাত দিনের মধ্যে।
দেবদাস ভট্টাচার্য বলেন, "সেঁজুতির আত্মহত্যার পেছনে পুলিশ প্রশাসনের দুর্বলতা ছিল কি না- তা খতিয়ে দেখার জন্য এই কমিটি করা হয়েছে।"
ঈদের পর এ প্রতিবেদন জমা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, সেঁজুতির আত্মহত্যায় প্ররোচনা দেওয়া এবং অপহরণের চেষ্টার অভিযোগে দুটি মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১৬২৬ ঘ.
bdnews24