ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চাঁদাবাজির মামলায় শীর্ষকাগজ সম্পাদক একরামুল হককে দুইদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ।
বুধবার দুপুরে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক সোলেমান হোসেন জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজত (রিমান্ড) চান।
মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তার জামিনের আবেদন নাকচ করে দুইদিন হেফাজত মঞ্জুর করেন।
মঙ্গলবার রাতে জামিনে কারাগার থেকে বের হওয়ার সময় একরামুলকে রমনা থানায় কর-পরিদর্শক হাবিবুর রহমানের দায়ের করা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়।
হাবিবুর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রমনা থানায় একরামুলের বিরুদ্ধে ওই মামলা করেন।
হেফাজতের আবেদনে বলা হয়, গত ১২ জুন আসামি পত্রিকার সম্পাদক পরিচয় দিয়ে বাদির সরকারি কার্যালয়ে ঢুকে তার কাছ থেকে ৫ হাজার টাকা চাঁদা আদায় করেন এবং প্রতিমাসের ৭ তারিখের মধ্যে ১ লাখ টাকা করে চাঁদা দিতে হবে বলে হুমকি দেন।
আসামির অন্য চাঁদাবাজির তথ্য এবং মামলার সঠিক তথ্য প্রমাণ উদ্ঘাটনের জন্য তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি বলে আবেদনে বলা হয়।
একরামুলের হেফাজতের আবেদন বাতিল এবং একই সঙ্গে তার জামিন চান তার আইনজীবী রায়হান মোর্শেদ।
এ আইনজীবী জানান, একরামুলকে অন্য দুইটি পৃথক চাঁদাবাজি মামলায় ৩১ জুলাই গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, "তিনি সবশেষ মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বের হওয়ার সময় নতুন এ মামলায় কারাফটক থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার হন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২১৪৭ ঘ.
bdnews24