২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎপাদন বাড়াতে গবেষণায় জোর প্রধানমন্ত্রীর

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শস্য উৎপাদন বাড়াতে কৃষিভিত্তিক গবেষণায় মনোযোগী হতে গবেষকদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 11:01 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শস্য উৎপাদন বাড়াতে কৃষিভিত্তিক গবেষণায় মনোযোগী হতে গবেষকদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ শহীদ উল্লাহ তালুকদারের নেতৃত্বে এক প্রতিনিধি দল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের জানান। প্রধানমন্ত্রী বলেন, গবেষণার মাধ্যমে খাদ্য-শস্যের উৎপাদন বৃদ্ধি করে দেশের জনগণের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এজন্য সরকার সব সময়েই গবেষণাকে গুরুত্ব দিয়ে আসছে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে গবেষণার জন্য ১২ কোটি টাকা বরাদ্দ হলেও এবার একই ক্ষেত্রে ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান। "গবেষণার জন্য বরাদ্দ রাখার ইতিবাচক ফলাফল এখন পাওয়া যাচ্ছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে," বলেন তিনি। শেখ হাসিনা বলেন, চাহিদার দিকে লক্ষ্য রেখেই গবেষণা পরিচালিত হওয়া উচিত। খাদ্য উৎপাদন বাড়াতে কৃষিখাতে সরকারের দেওয়া ভর্তুকির কথাও তুলে ধরেন তিনি। জৈব প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অর্গানিক খাদ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উৎপাদন সম্ভব। এতে কর্মসংস্থানও সৃষ্টি হবে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব শেখ ওয়াহিদ-উজ-জামান এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানও ছিলেন। এদিকে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউনটেন্টের সভাপতি পারভিন মাহমুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তারা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এছাড়া আরেকটি অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া রাষ্ট্রায়াত্ত গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতির সংযোজিত একটি পাজেরো স্পোর্টস জিপের চাবি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। গাড়িটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আনা হয়। প্রধানমন্ত্রী নিজেও গাড়িটি দেখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৬৫৯ ঘ.