ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসায় অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসকারী ২৫ বাংলাদেশিকে আটক করেছে সেদেশের আইন-শৃঙ্খলা বাহিনী।
এ ছাড়া অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে এক বাংলাদেশি রেস্তোরাঁর মালিককেও আটক করা হয়েছে।
মঙ্গলবার বৃটিশ হাইকমিশনের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ২৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। যত দ্রুত সম্ভব তাদের যুক্তরাজ্য থেকে বহিষ্কারের জন্য কাজ করছে ইউকে বর্ডার এজেন্সি।
ইংল্যান্ডের ওয়েলস, স্কটল্যান্ড-ডেভন, কর্নওয়েল, গ্লুচেস্টার, হারফোর্ড, বাকিংহামশায়ার, নিউক্যাসল, অ্যাবারডিন এবং সাউথ ওয়েলসে গত ছয় সপ্তাহ ধরে চলা বিভিন্ন অভিযানে এই ২৫ বাংলাদেশিকে আটক করা হয়।
শুধু ফেরত পাঠানো নয়, কাজে যোগ দেওয়ার আগে আটক কর্মীরা বৈধ নাকি অবৈধ তা যাচাই করা না হয়ে থাকলে নিয়োগদানকারী প্রতিষ্ঠানগুলোকে প্রত্যেকের জন্য গুণতে হবে ১০ হাজার পাউন্ড জরিমানা।
যুক্তরাজ্যের অভিবাসন আইন অনুযায়ী, কোনো কর্মীকে নিয়োগ দেওয়ার আগে অবশ্যই তার কাজ করার অধিকারের বিষয়টি যাচাই করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।
এদিকে অবৈধ অভিবাসীদের চাকরি ও বাসস্থানের সুযোগ দিয়ে যুক্তরাজ্যের অভিবাসন আইন ভঙের অভিযোগে শফিকুল হক নামে এক বাংলাদেশি রেস্তোরাঁর মালিককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শফিকুল হকের উপার্জিত অবৈধ অর্থ উদ্ধারের জন্য আবেদন জানানো হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরআরডি/এএল/১৬৫৭ ঘ.
bdnews24