২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে 'সহপাঠীর হাতে' মাদ্রাসা ছাত্র খুন

গাজীপুরের টঙ্গীতে সহপাঠীকে খুনের অভিযোগে রোববার রাতে এক মাদ্রাসাছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 12:15 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

গাজীপুর, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে সহপাঠীকে খুনের অভিযোগে রোববার রাতে এক মাদ্রাসাছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নাজমুল হোসেন (১৫) মধ্য আউচপাড়ার আব্দুল জলিলের ছেলে। শুক্রবার সকালে টঙ্গীর আউচপাড়ার সুরতরঙ্গ এলাকার আব্দুর রশিদের ছেলে রমজান আলী (১৩) খুন হয়। রমজান ও নাজমুল দু'জনই স্থানীয় কাজু খাঁ দারুল উলুম মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্র। টঙ্গী থানার উপ-পরিদর্শক মো. আবুল বাশার জানান, নাজমুল স্থানীয় আল হেলাল স্কুলে এক অনুষ্ঠানে যাওয়ার কথা বলে রমজানকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে নাজমুল তার বাড়িতে নিয়ে কৌশলে রমজানের হাত-পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে লাশ সেপটিক ট্যাঙ্কে ফেলে রাখে। তিনি জানান, রোববার নিহতের ভাই মো. এরশাদ খোঁজ নিতে নাজমুলের কাছে গেলে তার অসংলগ্ন কথায় সন্দেহ হয়। বিষয়টি তিনি পুলিশকে জানান। পুলিশ কর্মকর্তা আরো জানান, নাজমুলের স্বীকারোক্তি অনুযায়ী রোববার গভীর রাতে ট্যাঙ্ক থেকে রমজানের লাশ উদ্ধার করা হয়। কয়েকদিন আগে একটি মোবাইল ফোন সেট নিয়ে দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেররে রমজান খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে টঙ্গী থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮১০ ঘ.