বরগুনা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গভীর বঙ্গোপসাগর থেকে ভারতীয় শাড়ি ও থ্রিপিসসহ পণ্য বোঝাই একটি ট্রলার আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার রাতে কুয়াকাটা থেকে ৫০-৬০ মাইল পূর্বে এফবি সিয়াম নামের ট্রলারটিতে অভিযান চালানো হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
শনিবার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত কোস্টগার্ডের পাথরঘাটা ক্যাম্পে ট্রলারের ওই মালামাল নামানো হয়।
উদ্ধার করা পণ্যের মূল্য প্রায় আট কোটি টাকা বলে কোস্টগার্ড দাবি করেছে।
পাথরঘাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মো. হারুন-অর-রশিদ জানান, ট্রলারটিকে গঙ্গামতি থেকে ধাওয়া করে আটক করা হয়। এ সময় কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি লক্ষ্য করে নয় রাউন্ড গুলিবর্ষণ করে।
পরে চোরাকারবারিরা ট্রলারটি ফেলে অন্য ট্রলারে উঠে পালিয়ে যায়।
শনিবার শুল্ক অফিস বন্ধ থাকায় উদ্ধার করা মালামাল জমা দেওয়া যায়নি। রোববার জমা দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮০০ ঘ.
bdnews24