২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাইপ লাইন থেকে আবার তেল চুরি

সিলেটের গোলাপগঞ্জে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড'র (জিটিসিএল) পাইপ লাইন ছিদ্র করে আবারো তেল চুরি করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 06:42 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

সিলেট, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোলাপগঞ্জে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড'র (জিটিসিএল) পাইপ লাইন ছিদ্র করে আবারো তেল চুরি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত খর্দ্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করেছে। এনিয়ে গত চারমাসে পাইপ লাইন ছিদ্র করে তিনবার তেল চুরির ঘটনা ঘটলো। জিটিসিএল'র গ্রিড লাইন পাহারাদার জেবুল আহমদ সাংবাদিকদের জানান, ভোরে তিনি নিশ্চিন্ত খর্দ্দাপাড়ায় পাইপ লাইন থেকে তেল বের হতে দেখে কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে এলাকার শত শত লোক তেল সংগ্রহ করতে আসে বলে জেবুল জানান। পেট্রোবাংলার সহযোগী প্রতিষ্ঠান জিটিসিএল'র উপ মহাব্যবস্থাপক আবদুল আহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তেল চুরির জন্য একটি সংঘবদ্ধ চক্র পাইপ লাইনে ছিদ্র করেছে। তবে লাইন বন্ধ থাকায় তারা খুব বেশি তেল চুরি করতে পারেনি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। আবদুল আহাদ আরো বলেন, পাইপ লাইন মেরামতের জন্য সন্ধ্যায় আশুগঞ্জ থেকে আসা তিন সদস্যের দল কাজ শুরু করেছে। গোলাপগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন জানান, পুলিশ চোর চক্রকে ধরতে তৎপরতা চালাচ্ছে। সিলেটের কৈলাসটিলা গ্যাসফিল্ড থেকে অপরিশোধিত জ্বালানি তেল এই পাইপলাইনে পরিশোধনের জন্য আশুগঞ্জ পাঠানো হয়। এর আগে গত ৬ জুলাই ও ২৩ জুলাই একইভাবে পাইপ লাইন ছিদ্র করে তেল চুরির ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৭ ঘ.