ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী তার মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পাচ্ছেন।
কারা মহাপরিদর্শক মো. আশরাফুল ইসলাম খান শুক্রকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্যারোলে মুক্তির একটি কাগজ দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে।"
তবে এতে প্যারোলের সময়ের বিষয়টি নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি বলে জানান তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব মনোয়ার হোসেন আখন্দ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, "হাজতি আসমি দেলাওয়ার হোসাইন সাঈদীর মাতার মৃত্যুতে ২৮/১০/১১ বিকাল সাড়ে ৪টার দিকে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজায় অংশগ্রহণের জন্য নির্দেশক্রমে প্যারোলে মুক্তি দেওয়া হলো।"
সাঈদীর মা গুলনাহার ইউসুফ সাঈদী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মারা যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এই জামায়াত নেতার ছেলে মাসুদ সাঈদী।
দেলাওয়ার হোসাইন সাঈদীর ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদ জানান, গুলনাহারের শেষ ইচ্ছা ছিল, তার বড় ছেলে সাঈদীই তার জানাজায় ইমামতি করুক।
এ কারণে বৃহস্পতিবারই সাঈদীর প্যারোলের জন্য আবেদন করা হয় বলে মাসুদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৪৩৪ ঘ.
bdnews24