২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি হলে তল্লাশি: ৩২ শিবির কর্মী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবির কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর তল্লাশি চালিয়ে শিবিরের ৩২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 06:12 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলে ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবির কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর তল্লাশি চালিয়ে শিবিরের ৩২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। অনাবাসী এক ছাত্রের হলে অবস্থান নিয়ে দ্বন্দ্বের জের ধরে মঙ্গলবার গভীর রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর বুধবার ভোর ৪টা থেকে দুই ঘণ্টা হলে তল্লাশি চালায় পুলিশ। পুলিশের হাটহাজারি সার্কেলের এএসপি বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অবৈধভাবে হলে অবস্থান করায় ৩২ জনকে আটক করা হয়েছে।" এদের সবই ছাত্রশিবিরের নেতামকর্মী বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভপতি মোস্তফা শাকেরুল্লাহ। শাহজালাল হলের শিক্ষার্থীরা জানান, হলের আবাসিক ছাত্র না হয়েও মোজাম্মেল হোসেন নামের এক শিবির কর্মী হলের ২১৮ নম্বর কক্ষে অবস্থান করে আসছিলেন। ছাত্রলীগ এ বিষয়ে আপত্তি জানালে হল কর্তৃপক্ষ এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। কিন্তু ছাত্রলীগ কর্মীরা মঙ্গলবার রাতে ওই কক্ষে ঢুকে মোজাম্মেলের বইখাতা জড়ো করে আগুন দিলে হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ হলে উপস্থিত হলেও রাত ২টার দিকে শিবির ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। প্রক্টর ড. নাসিম হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি প্রায় মিটিয়ে ফেলা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই দুই পক্ষ মুখোমুখী অবস্থান নেয়।" এরপর এএসপি বাবুল আক্তারের নেতৃত্বে হাটহাজারি থানা পুলিশ ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত হলে তল্লাশি চালায়। হাটহাজারি থানার এস আই জাহিদ হোসেন বলেন, "আটক ৩২ জনকে থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে- সে বিষয়ে এখানো সিদ্ধান্ত হয়নি।" তিনি জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। হল ও ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২০৬ ঘ.