চট্টগ্রাম, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুদ্দিন জাহেদ মঞ্জু মারা গেছেন।
মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে চট্টগ্রামের দেওয়ান বাজার এলাকায় নিজ বাসভবনে মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার বয়স হয়েছিলো ৬৪ বছর।
তার দুই ছেলে ও স্ত্রী রয়েছে।
মঞ্জুর ছোটভাই শামসুদ্দিন খালেদ সেলিম বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে বলেন, "বুধবার বাদ আছর নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে বাদ মাগরিব হালিশহরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।"
নুরুদ্দিন জাহেদ মঞ্জু চট্টগ্রামে আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এম এ আজিজের বড় ছেলে।
মঞ্জু স্বাধীনতার পর শিক্ষাজীবন শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি শিক্ষকতা ছেড়ে দিয়ে জাসদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন।
স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ চট্টগ্রামের বিভিন্ন প্রগতিশীল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
তিনি জাসদের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ছাড়াও চট্টগ্রাম মহানগর জাসদের সাধারণ সম্পাদক ছিলেন।
জাসদ চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ জেলা কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/পিডি/০০০৫ ঘ.
bdnews24