বরগুনা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোসাগরে সোমবার রাতে বেশ কয়েকটি মাছধরা ট্রলারে লুটপাট শেষে ৫১ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা।
সাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় এ হামলা হয় বলে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি জানিয়েছে।
সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, মঙ্গলবার সকালে পাথরঘাটা মৎস্য বন্দরে ফিরে আসা কয়েকজন জেলে লুটপাট ও অপহরণের সংবাদ দেয়।
গোলাম মোস্তফা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সন্ধ্যা ৬টার দিকে মাইজ্যা ও গামা বাহিনীর ২৫/৩০ জন জলদস্যু জেলে বহরে হামলা চালায়।
তারা এফবি তরিকুলের ১৯ জন, এফবি তন্ময়ের ১৯ জন, এফবি মহসিন আউলিয়ার চারজন, এফবি মা-এর চারজন, এফবি ইকরার তিনজন, এফবি তওবার ও এফবি তানিশা ট্রলার থেকে একজন করে জেলে নিয়ে গেছে।
পাথরঘাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট অধিনায়ক লেফটেন্যান্ট হারুন-অর-রশিদ জানান, জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি তাকে ট্রলার ডাকাতির খবর জানিয়েছেন।
অপহৃত জেলেদের উদ্ধারে তারা খোঁজ-খবর নিচ্ছেন বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৪৬ ঘ.
bdnews24