ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সেগুন বাগিচায় ছিনতাইকারীদের উপুর্যপরি চাপাতির আঘাতে গাড়ি চালক ও রিকশাচালক আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রমনা থানা এলাকায় অডিট ভবনের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আবদুল রাজ্জাক (৩৫) ও ইসমাইল হোসেন (৫৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত প্রাইভেট কার চালক রাজ্জাক ঢামেক হাসপাতালে সাংবাদিকদের বলেন, "গ্যারেজ থেকে মালিককে আনার জন্য সেগুনবাগিচা যাওয়ার পথে একটি প্রাইভেট কারে চার-পাঁচজন সন্ত্রাসী এসে আমার গাড়ির গতিরোধ করে।
"গাড়ি থেকে নেমে তারা আমার গাড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আমি বাধা দিলে তারা আমার হাতে ও মাথায় কোপ দেয়। এ সময় রিকশাচালক ইসমাইল এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে ছিনতাইকারীরা'।
এ সময় অন্যরা এগিয়ে এলে আসলে ছিনাতাইকারীরা তাদের গাড়ি নিয়ে পালিয়ে যায় বলে জানান রাজ্জাক।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) রোজী করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাটি রমনা থানা এলাকায় হলেও ছিনাতাইকারীরা তাদের গাড়িটি পল্টন থানার পীর সাহেবের গলিতে রেখে পালিয়ে যায়।
গাড়ি থেকে দুটি চাপাতি ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।
এদিকে রাজধানীর রায়ের বাজার মুক্তি সিনেমা হলের পাশে একটি নির্মাণাধীন ভবনের পঞ্চম তলায় রড উঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মাজিদ (২৫) নামে এক শ্রমিক মারা গেছেন।
এ ঘটনায় আহত হয়েছেন রাশেদুল (২০) ও রফিকুল (২৮) নামে আরো দুই শ্রমিক।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ঢামেক ফাঁড়ির উপপরিদর্শক মোজাম্মেল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এএল/১৬১৭ ঘ.
bdnews24