ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া সাপ্তাহিক শীর্ষকাগজের সম্পাদক একরামুল হককে চাঁদবাজির মামলায় চার মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
তিনি অনলাইন সংবাদপত্র শীর্ষনিউজেরও সম্পাদক ছিলেন।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের বেঞ্চ মঙ্গলবার এই জামিন মঞ্জুর করে।
একরামুলের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, এই মামলায় গত ৩০ জুলাই গ্রেপ্তার করা হয়েছিল একরামুল হককে। পরে তার বিরুদ্ধে আরো দুটি মামলা হয়।
ওই দুটি মামলাতেও একরাম জামিন পেয়েছেন উল্লেখ করে খন্দকার মাহবুব বলেন, "হাইকোর্টের আজকের আদেশের পর তার মুক্তি পেতে আর বাধা নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৫২২ ঘ.
bdnews24