কুড়িগ্রাম, অক্টোর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) দেওয়া বিস্কুট খেয়ে রোববার কুড়িগ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে।
ফুলবাড়ি উপজেলার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে।
এরা হলো চতুর্থ শ্রেণীর মো. আসাদুজ্জামান, মোছা. সম্পা খাতুন, মো. মাসুদ রানা, রনক মিয়া, পঞ্চম শ্রেণীর জুবায়ের আহাম্মেদ জিয়ন ও প্রথম শ্রেণীর রানা।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক ছলিম উদ্দিন জানান, বিস্কুটের প্যাকেট খোলার সময় এক ধরনের দুর্গন্ধ পাওয়া গিয়েছিল। বিস্কুট খাওয়ার আধঘণ্টা পর থেকেই কয়েকজন শিশু তীব্র পেট ব্যথায় আক্রান্ত হয় এবং বমি শুরু করে।
ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়ার পর তারা সুস্থ হয়ে ওঠে।
ডব্লিউএফপি'র স্কুল ফিডিং প্রকল্পের কুড়িগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, শিক্ষার্থীদের অসুস্থতা তেমন গুরুতর নয়। ইতোমধ্যেই তারা সুস্থ হয়ে উঠেছে।
শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার খবর শুনে আসা ডাব্লিউএফপি'র কুড়িগ্রাম ও লালমনিরহাটের ক্লাষ্টার অফিসার মমতাজ বেগম বলেন, অসুস্থ হওয়ার কারণে আপাতত শিক্ষার্থীদের বিস্কুট খাওয়ানো বন্ধ রাখতে বলা হয়েছে। বিষয়টি অনুসন্ধান করা হবে।
ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সফিকুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৮ ঘ.
bdnews24