২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেঁজুতির বাড়িতে প্রধানমন্ত্রীর প্রতিনিধি

'ধর্ষণের' শিকার হয়ে আত্মহত্যাকারী স্কুলছাত্রী সেঁজুতি আক্তারের বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সমবেদনা জানিয়েছেন বরিশালের সিটি মেয়রসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 12:12 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

বরিশাল, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ধর্ষণের' শিকার হয়ে আত্মহত্যাকারী স্কুলছাত্রী সেঁজুতি আক্তারের বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সমবেদনা জানিয়েছেন বরিশালের সিটি মেয়রসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোমবার বেলা সাড়ে ১১টায় তারা বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের বাড়িতে সেঁজুতির পরিবারের সঙ্গে দেখা করেন। বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বিষয়টি নিশ্চিত করেন। গত ১৫ অক্টোবর সেঁজুতি ওরফে কমলা (১৬) নামের মেয়েটি ধর্ষণের শিকার হয় বলে তার পরিবার ও প্রতিবেশীরা দাবি করছে। শুক্রবার রাতে নিজের ঘরে সে ফাঁসিতে আত্মহত্যা করে। এই ঘটনায় পরিবার মামলা করতে গেলে বাকেরগঞ্জ থানার ওসি 'ধর্ষণ' মামলার পরিবর্তে অপহরণ মামলা নেয় বলে অভিযোগ করেন স্বজনরা। তবে আত্মহত্যার প্ররাচণার অভিযোগে রোববার একটি মামলা নেওয়া হয়। বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বলেন, "প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে সিটি মেয়র শওকত হোসেন হিরণ, বাকেরগঞ্জ পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, পুলিশ সুপার (এসপি) দেবদাস ভট্টাচার্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেঁজুতির বাড়ি গিয়ে তার মা ও বোনকে শান্তনা দেন।" শওকত হোসেন হিরণ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে তারা সেঁজুতির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। দায়ীদের বিরুদ্ধে পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে চৈতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ন কবির চুন্নু জানিয়েছেন, উপজেলার বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। সেঁজুতি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চৈতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিলো। রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি দল তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন। ওইদিনই বাকেরগঞ্জ থারা ওসি রবিউল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৫৩ ঘ.