ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার শিল্পপতি আলম হত্যা মামলায় নিু আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আট আসামিসহ ১৪ জনকে বেকসুর খালাস দিয়েছে হাইকোর্ট।
এছাড়া মৃত্যুদণ্ড পাওয়া আরো তিনজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিচারপতি মিফতাহ উদ্দীন চৌধুরী ও মো. শওকত হোসেনের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই রায় দেয়।
২০০২ সালের ১ জানুয়ারি রাজধানীর জুরাইনে খুন হন শিল্পপতি মো. আলম। ওই মামলার রায়ে নিু আদালত ২০০৫ সালের ৩১ জুলাই ১১ জনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়।
সোমবার আসামিদের আপিলের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনের সাজা কমিয়ে যাবজ্জীবন করার পাশাপাশি বাকিদের খালাস দেওয়া হয়।
নিু আদালতে মৃত্যুদণ্ড পাওয়ার পর হাইকোর্টে যাবজ্জীবন পাওয়া তিন আসামি হলেন- কবির, সোহাগ ও সোহেল ব্যাপারী। এদের বয়স অল্প বিবেচনা করে হাইকোর্ট দণ্ড কমায়।
হাইকোর্টে খালাস পাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট আসামি হলেন- বাবুল ওরফে বাবু, ইউসুফ, দুলাল, আল আমিন, ফরিদা, মতিউর রহমান ওরফে জামাই মতিন, বাবুল হাসান ওরফে জামাই বাবু, জাহানার বেগম।
এছাড়া নিু আদালতে বিভিন্ন মেয়াদে দণ্ড পাওয়া শিউলি আক্তার, রাব্বাত আলী, আব্দুর রহমান, আসমা রহমান, রেহানা পারভীন ও আলাউদ্দিনকেও হাইকোর্ট খালাস দিয়েছে।
আদালতে আসাামি পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ। আলমের স্ত্রী রিজিয়া বেগমের পক্ষে মনসুরুল হক চৌধুরী এবং রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট কাজী ইজহারুল হক আকন্দ শুনানি করেন।
খালাস পাওয়া ফরিদা আদালতে নিজেকে আলমের স্ত্রী দাবি করেছিলেন।
মাসুদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার পক্ষ সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় আদালত কিছু আসামিকে খালাস দিয়েছে। এছাড়া বয়স কম হওয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির দণ্ড কমিয়ে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।"
তিনি জানান, আসামিদের মধ্যে কেবল আল আমিন পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/পিডি/১৯২৩ ঘ.
bdnews24