চট্টগ্রাম, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সিরাজউদ্দৌলা সড়কে বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত এবং দুইজন আহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
নিহত রূপা চৌধুরী নগরীর কুসুম কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। টেস্ট পরীক্ষা দিতে স্কুলে যাওয়ার সময় বাসচাপা পড়ে সে।
পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনার মনজুর মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রূপা তার দুই সহপাঠীর সঙ্গে হেঁটে স্কুলে যাচ্ছিল। এ সময় ওই বাসের চালক নিয়ন্ত্রণ রাখতে না পেরে তাদের ওপর গাড়ি তুলে দেয়।
তিন ছাত্রীকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, রূপা মারা গেছে।
সহকারী কমিশনার মনজুর মোরশেদ জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে চালককে পিটুনি দেয় এবং সড়ক অবরোধ করে রাখে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
প্রায় এক ঘণ্টা পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/১২০৬ ঘ.
bdnews24