জার্মানি (বার্লিন), অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে পাঁচ দিনের সফরে জার্মানি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে শনিবার বার্লিনের স্থানীয় সময় দুপুর ৩টা ৪০ মিনিটে টেগেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছান প্রধানমন্ত্রী।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। এরপর প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রাসহ হোটেল অ্যাডলফে নেওয়া হয়। সেখানে প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
শনিবার সকাল সোয়া ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বার্লিনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর আগে জার্মানি পৌঁছান।
রোববার বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে শেখ হাসিনা অংশ নেবেন মূল বক্তা হিসেবে। এছাড়া ২৫ অক্টোবর জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করবেন দুই নেতা।
ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক অংশীদার এবং গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হওয়ায় বাংলাদেশ-জার্মান সম্পর্কের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করবে এ সফর।
জার্মানি ইউরোপের শীর্ষ রাজনৈতিক শক্তির একটি এবং ইইউ ও জি ৮-এরও প্রভাবশালী সদস্য।
প্রধানমন্ত্রীর এ সফরে জার্মানির প্রস্তাব অনুসারে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজন ও প্রশমণ এবং স্বাস্থ্যখাতে সহযোগিতা বিষয়ে দুটি যৌথ ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে।
২৪ অক্টোবর জার্মান বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত 'এমার্জিং মার্কেট-বাংলাদেশ' শীর্ষক এক ব্যবসায়ী ফোরামেও বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। জার্মানির শীর্ষ ব্যবসায়ী নেতা এবং বিনিয়োগকারীরা ওই অনুষ্ঠানে অংশ নেবেন।
জার্মান সাউথ এশিয়ান পার্লামেন্টারি গ্র"প প্রধানমন্ত্রীর সম্মানে এক নৌশভোজের আয়োজন করবে একই দিনে।
চলতি বছর নভেম্বরের শেষদিকে জার্মান ফেডারেল প্রেসিডেন্টের বাংলাদেশে আসার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১১৯ ঘ.
bdnews24