২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদীচীর চতুর্থ 'জাতীয় সাংস্কৃতিক সম্মেলন' শুরু

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় সাংস্কৃতিক সম্মেলন ঢাকায় শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 06:48 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় সাংস্কৃতিক সম্মেলন ঢাকায় শুরু হয়েছে। বাউল মোহাম্মদ আলী ফকির, মিনু ফকির, মালেকা ফকির, লালচাঁদ ফকির, হিচাই ফকির এবং আকবর ফকির শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই সম্মেলনের উদ্বোধন করেন। এ বাউলরা সবাই গত ৫ এপ্রিল রাজবাড়ীর পাংশায় নির্যাতনের শিকার হন। 'মুক্তিযুদ্ধের চেতনা, সা¤প্রদায়িক রাষ্ট্র না' শ্লোগানকে সামনে রেখে সারাদেশে উদীচীর দুইশ' ৪৮ শাখা থেকে প্রায় দেড় হাজার শিল্পী এই সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক জামসেদ আনোয়ার তপন বলেন, "জনগণের বাঁচার সংগ্রামের সাংস্কৃতিক রূপায়নকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্যই এই সম্মেলন।" সংবিধানে একই সঙ্গে ধর্মনিরপেক্ষতা ও রাষ্ট্রধর্ম থাকতে পারে না মন্তব্য করে তিনি বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে ৭২ এর সংবিধানের মূলভিত্তি প্রতিষ্ঠা করতে হবে। উদ্বোধনী দিনের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম মোহাম্মদ ইদু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লোকশিল্পী সাইদুর রহমান বয়াতী, উদীচীর সাধারণ সম্পাদক হাবিবুল আলম, বাউল সংগঠক অধ্যক্ষ নজরুল ইসলাম জাহাঙ্গীর, বাউল মোহাম্মদ আলী ফকির প্রমুখ। আলোচনা শেষে উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা গীতিনৃত্য আলেখ্য 'সবার উপর মানুষ সত্য' পরিবেশন করেন। সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে "আমাদের সংস্কৃতি ও সাংস্কৃতিক আন্দোলন: বর্তমান অবস্থা" শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। তৃতীয় ও শেষ দিন সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শিল্পী বিপুল ভট্টাচার্যকে দেওয়া হবে 'উদীচী পদক'। এছাড়া প্রতিদিন বিকাল ৪টা থেকে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচ/০০১৯ ঘ.