ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রত্যেকের মনে সত্যিকারের দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের চেতনা থাকলে দেশকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব।
নিজের লেখা উপন্যাস থেকে চলচ্চিত্রায়িত 'আমার বন্ধু রাশেদ' নিয়ে এক আলোচনা সভায় এ কথা বলেছেন মুহাম্মদ জাফর ইকবাল।
শুক্রবার এশিয়াটিক সোসাইটিতে এ সভার আয়োজন করে দেশের অন্যতম পুরনো শিশু সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্রটি দেখানোও হয়।
জাফর ইকবাল বলেন, "শিশুদের মন থেকে মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে যাচ্ছে, সেই চেতনা ফিরিয়ে আনতে ছবিটি অনেক সাহায্য করেছে।"
রাশেদকে মেরে ফেলার প্রসঙ্গে তিনি বলেন, "মুক্তিযুদ্ধে অনেক শিশু-কিশোর প্রাণ হারিয়েছে। এই কষ্টটা বোঝানোর জন্য এবং রাজাকারদের প্রতি ঘৃণা জন্মানোর জন্যই রাজাকারকে দিয়ে রাশেদকে মারা হয়েছে।"
উপন্যাসের অনেক কিছু চলচ্চিত্রে না আসা প্রসঙ্গে 'আমার বন্ধু রাশেদ' চলচ্চিত্রের নির্মাতা মোরশেদুল ইসলাম বলেন, "সাহিত্য ও চলচ্চিত্র দুটি আলাদা বিষয়, ভিজুয়ালি অনেক কিছু অটোমেটিভাবে আসে, যা আলাদাভাবে দেখানোর প্রয়োজন পড়ে না।"
দেশে শিশুতোষ চলচ্চিত্রের অভাবের কথা তুলে ধরে তিনি বলেন, শিশুদের জন্য প্রতি বছর অন্তত ২/৩টি চলচ্চিত্র নির্মাণ করা উচিত।
মোরশেদুল জানান, সরকারের সহযোগিতায় আগামী ডিসেম্বর থেকে 'আমার বন্ধু রাশেদ' দেশের সব স্কুল-কলেজে দেখানোর ব্যবস্থা করা হবে।
আলোচনা সভায় খেলাঘরের সভাপতিমণ্ডলীর সদস্য আবু সাইদ, সাধারণ সম্পাদক লেলিন চৌধুরীসহ শিশু কিশোররা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৩ ঘ.
bdnews24