নড়াইল, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণ এবং তার ভিডিও চিত্র ধারণ করার অভিযোগে নড়াইল সদর উপজেলায় দুই যুবকের বিরুদ্ধে মামলা করেছে এক স্কুলছাত্রী।
বুধবার রাতে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আসামিরা হলো- কলোড়া গ্রামের আইয়ুব মোল্যার ছেলে কামরুল ইসলাম (২২) ও শোভারঘোপ গ্রামের আবুল মোল্যার ছেলে রহমত মোল্যা (২৩)।
ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে তার মেয়ে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। এ সময় কামরুল মোবাইলের মেমরি কার্ড দেওয়ার কথা বলে তাকে পাশের গোবরা বাজারের চিত্রা স্টুডিও'র পাশে নিয়ে যায়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে ছিলো রহমত
সেখানেই তার মেয়েকে ধর্ষণ করে ভিডিও চিত্র ধারণ করা হয় বলে জানান স্কুলছাত্রীর মা।
তিনি জানান, পরে অভিযুক্তরা বাড়িতে এসে বিষয়টি কাউকে না জানাতে এবং থানায় মামলা না করার জন্য হুমকি দেয়।
গোবরা পার্বর্তী বিদ্যাপিঠের দশম শ্রেণীর ওই স্কুলছাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে দোষীদের দৃষ্টন্তমূলক শাস্তি দাবি করেন।
অভিযুক্ত কামরুল ও রহমতের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। তাদের পরিবারের সদস্যরা তাদের নির্দোষ বলে দাবি করেন।
কামরুলের বড় ভাই মো. এনামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার ভাই এ ঘটনার জন্য দায়ী নয়। রহমত এ ঘটনা ঘটিয়েছে।"
রহমতের মা হুরজাহান বেগম বলেন, "আমি ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে কিছু জানি না।"
নড়াইল সদর থানার ওসি আসলাম বাহার বুলবুল সাংবাদিকদের জানান, বুধবার রাত ১০টায় ধর্ষণের শিকার স্কুলছাত্রী দুই জনকে আসামি করে মামলা করেছেন।
জেলা পুলিশ সুপার এস এম ফজলুর রহমান জানান, আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৯০২ ঘ.
bdnews24