ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জুরাইন রেলগেট এলাকায় রাস্তা পার হওয়ায় সময় নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় জাফর হাওলাদার (৪০) আহত হন।
স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের শ্যালক কামাল খান ঢামেক হাসপাতালে সাংবাদিকদের বলেন, তিন দিন আগে বরগুনা থেকে জাফর জুরাইনে তার বোনের বাসায় বেড়াতে আসেন। সকালে বাসা থেকে বের হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে।
কমলাপুর রেলওয়ে পুলিশের শিক্ষানবিস উপপরিদর্শক (পিএসআই) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বজনরা ময়নাতদন্ত ছাড়া লাশ নেওয়ার জন্য আবেদন করেছেন।
এক ছেলের জনক জাফর বরগুনায় মাছের ব্যবসা করতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৭২৮ ঘ.
bdnews24