২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর টাকা সরকার খেয়ে ফেলেছে: খালেদা

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের দিকে ইঙ্গিত করে খালেদা জিয়া বলেছেন, সরকার বিদেশিদের দেওয়া অর্থ 'খেয়ে' ফেলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 10:50 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

নওগাঁ, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের দিকে ইঙ্গিত করে খালেদা জিয়া বলেছেন, সরকার বিদেশিদের দেওয়া অর্থ 'খেয়ে' ফেলেছে। উত্তরাঞ্চলে রোড মার্চের দ্বিতীয় ও শেষ দিনে বুধবার দুপুরে নওগাঁর এ টিম খেলার মাঠে এক পথসভায় তিনি এ কথা বলেন; যদিও সরকারের ভাষ্যমতে, দাতা সংস্থাগুলো এখনো প্রকল্পের কোনো অর্থই ছাড় করেনি। পথসভায় বিএনপি চেয়ারপারসন রাষ্ট্রদ্রোহ মামলায় মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, তাকে গ্রেপ্তার করা হলে পরিণতি 'শুভ' হবে না। তত্ত্বাবধায়ক সরকারে অধীনে আগামী নির্বাচন দাবি করে সে নির্বাচনে চারদলীয় জোটকে ভোট দিতে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন বলেন, "মুফতি আমিনী সাহেবকে সরকার গৃহবন্দি করে রেখেছে। তাকে বাসা থেকে বেরুতে দিচ্ছে না। আমরা বলে দিতে চাই- অবিলম্বে তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করুন। আমিনী সাহেবকে গ্রেপ্তার করা হলে পরিণতি শুভ হবে না।" সংবিধান ডাস্টবিনে ছুড়ে ফেলার কথা বলায় রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির জোট শরিক ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান আমিনীকে গ্রেপ্তারে গত বৃহস্পতিবার পরোয়ানা জারি করে আদালত। খালেদা জিয়া জামায়াতে ইসলামীর গ্রেপ্তার নেতাদের মুক্তিরও দাবি জানান। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিত প্রসঙ্গে তিনি বলেন, "বিদেশিরা এই সেতু নির্মাণে যে অর্থ দিয়েছিলো- সরকার তা খেয়ে ফেলেছে। এ জন্য বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দিয়েছে।" পদ্মা সেতুর মতো একটি বড় প্রকল্প বাস্তবায়ন বিদেশি অর্থায়ন ছাড়া সম্ভব নয় মন্তব্য করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা বলেন, এ সরকার ক্ষমতায় থাকলে পদ্মাসেতু নির্মাণ হবে না। তাই এদের বিদায় দিতে হবে।" দলীয় সরকারের অধীনে নির্বাচনে সরকারের যে কোনো উদ্যোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও হুমকি দেন বিরোধীদলীয় নেতা। মঙ্গলবার ঢাকা থেকে চারদলীয় জোটের রোড মার্চ শুরু করে বিকালে বগুড়া পৌঁছায় খালেদার গাড়িবহর। বগুড়ায় রাত কাটিয়ে সকালে নওগাঁর পথে রওনা হন খালেদা। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল ও মধ্যবর্তী নির্বাচনের দাবিতে জনমত গড়ে তুলতে এ রোড মার্চ চাঁপাইনবাবগঞ্জে জনসভার মধ্য দিয়ে শেষ হবে। খালেদার গাড়িবহর যাওয়ার পথে বগুড়া থেকে নওগাঁ পর্যন্ত ৪৮ কিলোমিটার পথে বিভিন্ন স্থানে সড়কের দুই পাশে বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের ঢল নামে। তারা খালেদা জিয়ার গাড়িতে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানায়। খালেদাও বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে নারী-শিশুদের শুভেচ্ছার জবাব দেন। নওগাঁ পথসভা শেষে আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে রওনা হন খালেদা জিয়া। এরশাদকে নিয়ে নির্বাচন প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, সরকার গণবিচ্ছিন্ন হয়ে সংবিধান পরিবর্তন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার বিধান সংযোজন করেছে। "১৯৮৬ সালে জাতীয় বেঈমান সেজে আওয়ামী লীগ এরশাদের সঙ্গে নির্বাচন করেছিলো। ওই সময় এরশাদ ছিলো সরকারে এবং আওয়ামী লীগ বসেছিলো বিরোধী দলে। এবার এরশাদ দলীয় সরকারের অধীনে নির্বাচন করে বিরোধী দলে বসতে চায়।" "দলীয় সরকারের অধীনে নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না। আন্তর্জাতিকভাবেও সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না," যোগ করেন তিনি। বর্তমান নির্বাচন কমিশনকে 'তাঁবেদার' অভিহিত করে খালেদা জিয়া বলেন, এই কমিশনকে বিদায় করতে হবে। এরপর সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। দ্রব্যমূল্য কমাতে হলে 'দুর্নীতিবাজ ও অযোগ্য সরকার'কে বিদায় করতে হবে, বলেন তিনি। পররাষ্ট্রনীতির সমালোচনা ট্রানজিটের বিষয়ে খালেদা জিয়া বলেন, "সরকার ভারতের কাছে আমাদের দেশ বন্ধক দিয়েছে। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। তাই ভারতের হাত থেকে এ দেশকে রক্ষা করতে হলে প্রয়োজনে আরেকটি যুদ্ধ করতে হবে। "ওই যুদ্ধে মা-বোনদেরও থাকতে হবে। সবাই মিলে দেশকে বাঁচাতে হবে।'' তবে ভারতের সঙ্গে বিএনপি সমমর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক চায় উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, "সীমান্তে হত্যা ও একতরফাভাবে ব্যবসা বাণিজ্যে আমাদের আপত্তি রয়েছে। সমতার ভিত্তিতে সব কিছু হতে হবে।" ভারতের সঙ্গে বিভিন্ন 'গোপন' চুক্তির সমালোচনা করেন খালেদা তিনি বলেন, "অতীতে তাদের ২৫ বছরের গোলামী চুক্তি দেশকে পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিলো। আওয়ামী লীগ গোলামী করতে ভালোবাসে বলেই তারা ক্ষমতায় আসার পর গোলামী চুক্তি করে। তারা দেশকে ভালোবাসে না। আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষে শক্তি বলা যায় না।" হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি আহ্বান হিন্দু স¤প্রদায়ের জমি-মন্দির ক্ষমতাসীনরা দখল করছে বলে অভিযোগ করেন খালেদা জিয়া। তিনি বলেন, "আওয়ামী লীগ মনে করে হিন্দুরা তাদের সম্পদ। তারা যেভাবে ইচ্ছা তাদের ব্যবহার করছে। শশ্মান ঘাট ও মন্দিরের জায়গা দখল করে নিচ্ছে। মন্দিরের প্রতিমার স্বর্ণালঙ্কার চুরি করে নিচ্ছে। হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার।" সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে বিরোধী নেতা বলেন, "আপনারা একবার বিএনপিকে ভোট দিন। আমরা আপনাদের সম্মান দেবো, নিরাপত্তা দেবো। বিপদের পড়তে দেবো না। একবারের জন্য বিএনপিকে ভোট দিয়ে আওয়ামী লীগকে ছেড়ে দিয়ে দিন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৬৪৫ ঘ.