২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্রাম্যমাণ আদালতের বৈধতা নিয়ে হাইকোর্টের প্রশ্ন

নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 07:31 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও আনোয়ারুল হকের বেঞ্চ এ বিষয়ে রুল জারি করে। ভবন নির্মাণ আইনের কয়েকটি ধারা লঙ্ঘনের অভিযোগে গত ১৪ সেপ্টেম্বর অ্যাসথেটিক প্রোপার্টিজ নামে একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান খানকে এক মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। ১৯ সেপ্টেম্বর জামিন পেয়ে ১১ অক্টোবর একটি রিট আবেদন করেন তিনি। এতে ভ্রাম্যমাণ আদালত আইন-২০০৯ এর ধারা ৫, ৬(১), ৬(২), ৬(৪), ৭, ৮(১), ৯, ১০, ১১, ১৩, ১৫ ধারা চ্যালেঞ্জ করা হয়। ওই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে দুইদিন শুনানি শেষে হাইকোর্ট বুধবার এই রুল জারি করে। আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজউকের চেয়ারম্যান, ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম, রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি রিটকারী কামরুজ্জামান খানকে দেওয়া শাস্তি কেন বাতিল করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়। একইসঙ্গে ওই সাজার রায়ের কার্যকারিতা চার মাসের জন্য করা হয়েছে স্থগিত করা হয়েছে। গত রোববার থেকে রিট আবেদনকারীপক্ষের আইনজীবী হাসান এম এস আজিম, রাষ্ট্রপেক্ষ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল শুনানি করেন। বুধবার আদালতের আহ্বানে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম। তিনি বলেন, মৌলিক অধিকার কার্যকরে হাইকোর্টে আবেদন করতে পারাও একটা মৌলিক অধিকার। যখন কোন ব্যক্তির মৌলিক অধিকার ক্ষুণœ হয়, তখন তার অধিকার রয়েছে হাইকোর্টে আবেদন করার। আর এই ব্যাপারে হাইকোর্টের দায়িত্ব হচ্ছে, এই বিষয়ে রুল জারি করা। হাইকোর্ট রুলস এই ক্ষেত্রে কোনো বাধা নয়।" এর আগে সোমবার এম কে রহমান বলেন, এই রিটের বাদী ভ্রাম্যমাণ আদালতের কাছে দোষ স্বীকার করেছিলেন। পরে তিনি তার শাস্তির রায়ের বিরুদ্ধে আপিলও করেছেন। এই অবস্থায় তিনি হাইকোর্টের পূর্ব অনুমতি ছাড়া রিট করতে পারেন না। কিন্তু তিনি এই রিট অনুমতি না নিয়েই রিট করেছেন, বলেন এম কে রহমান। আদেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসান এম এস আজিম বলেন, "আদালতের এই আদেশ থেকে ভ্রাম্যমাণ আদালতে শাস্তি পাওয়া সবাই সুবিধা পাবেন না। এর জন্য তাদেরকেও হাইকোর্টে আসতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/জেকে/১৪৫৬ ঘ.