২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষা ছাড়া লাইসেন্স: নিষেধাজ্ঞার মেয়াদ বড়লো

যথাযথ আইনি প্রক্রিয়া এবং পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ ২৯ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 02:33 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যথাযথ আইনি প্রক্রিয়া এবং পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ ২৯ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে হাইকোর্ট। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও আনোয়ারুল হকের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়। গত ১৩ অগাস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং এটিএন নিউজের প্রধান সম্পাদক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার পরদিন আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিস অ্যান্ড ট্রাস্ট (ব্লাস্ট) ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিসহ (বেলা) চারটি প্রতিষ্ঠান সড়ক নিরাপত্তা বিষয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করে। ওই রিটের শুনানির পর আদালত পরীক্ষা ছাড়া লাইসেন্স দেওয়ার ওপর এই আদেশ দেয়। গত ১৭ ও ২৫ অগাস্ট এই রিটের ওপর দুই দফা আদেশ হয়। এর মধ্যে ১৭ অগাস্টের আদেশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান এবং যোগাযোগ সচিবের কাছে সড়ক পরিবহন খাতের উন্নয়ন এবং সংস্কারে গত পাঁচ বছরে বরাদ্দ ও ব্যয়ের প্রতিবেদন চায় আদালত। রিটকারীদের এক সম্পূরক আবেদনে ২৫ অগাস্ট আদালত বিআরটিএকে নির্দেশ দেয়, গত পাঁচ বছরে কীসের ভিত্তিতে এবং কী প্রক্রিয়ায় চালকদের লাইসেন্স দেওয়া হয়েছে, ১৭ অক্টোবরের মধ্যে তা জানাতে হবে। 'তামাশা দেখবে না হাইকোর্ট' মঙ্গলবার দুপুরে শুনানির শুরুতে আদালতের সরকারি আইন কর্মকর্তা রাজিক আল জলিল সরকারি সংস্থাগুলোর পক্ষে প্রতিবেদন দাখিলে আরো দুই মাস সময়ের আবেদন করেন। এ সময় আদালত বলেন, "দুই মাস সময় পেয়েছেন কী করেছেন। দুই মাস যথেষ্ট সময়। আদালতের আদেশ আপনাদের গায়ে লাগে না। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন আর আমরা তামাশা দেখবো, তা হবে না।" বিকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান একই আবেদন উত্থাপন করলে আদালত বলেন, 'যথাযথ পরীক্ষা নিরাীক্ষা ছাড়া হাজার হাজার ড্রাইভিং লাইসেন্স দেওয়ার উদ্যোগের খবর পত্রিকায় প্রকাশিত হয়েছে। এটাই আমাদের উদ্বেগের কারণ। আমরা এ ব্যাপারে প্রতিবেদন দাখিল করতে বললাম। আপনারা তা দিলেন না। ইট ইজ মোর দেন টু মাচ।" এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, তারা প্রতিবেদন দেওয়ার চেষ্টা করছেন। দেশের ৪৪টি জেলা থেকে প্রয়োজনীয় তথ্য এসে পৌঁছেছে। বাকি তথ্যগুলো সংগ্রহে সময় প্রয়োজন। বিআরটিএ ছাড়াও যোগাযোগ সচিব, সড়ক ও জনপদ বিভাগের সচিব ও প্রধান প্রকৌশলীর পক্ষেও আরো সময় চেয়ে আবেদন জানানো হয়। শুনানি শেষে আদেশে বলা হয়, গত ১৭ অগাস্ট দেওয়া ১০ দফা নির্দেশনার মধ্যে প্রথম চার দফার ব্যাপারে ২৯ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/২০২৭ ঘ.