২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গণপিটুনিতে ২ যুবকের মৃত্যু

রাজধানীর মতিঝিল ও উত্তরখানে চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 11:08 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিল ও উত্তরখানে চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা হলেন, শাহাবুদ্দিন সাবু (২২) ও মো.রিপর (২৪)। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে মমিনবাগের দুই নম্বর ডুমিনি অ্যাপার্টমেন্টের একটি নির্মাণাধীন ভবনের নিচ তলা থেকে সাবুর মৃতদেহ উদ্ধার করা হয়। 'চুরি' করার অপরাধে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে এলাকাবাসী জানিয়েছে। তবে কার বাসায় চুরি করতে গিয়েছিলো তিনি তা জানাতে পারেননি। প্রকৃত ঘটনা উদঘাটনে ওই ভবনের নিরাপত্তারক্ষী শহিদুল ইসলামকে আটক করা হয়েছে বলেও জানান কবির হোসেন। সাবুর মা লতিফা বেগম দাবি করেন, ছোট বেলা থেকেই শাবুদ্দিনের দুই হাতে কোনো শক্তি ছিলো। "ছোট থাকতে একবার সাবুর জ্বর হয় তারপর থেকে তার দুই হাতে কোনো শক্তি ছিলো না। সাবুকে চামচ দিয়ে ভাই খাইয়ে দিতে হয়।" ভাবি লিপি আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সাংবাদিকদের জানান, তার শান্তিবাগের বাসায় সোমবার বেড়াতে এসেছিলো। সন্ধ্যার দিকে সে মধ্য বাড্ডায় যাওয়ার জন্য বের হয়। সাত ভাই দুই বোনের মধ্যে সাবু চতুর্থ। তার গ্রামের বাড়ি কুমিল্লার তিতাসে। এদিকে উত্তরখান থানা পুলিশ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রিপন নামে এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দোলেয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দেড়টার দিকে রিপনকে কাসকুরা বাজার থেকে উদ্ধার করে উত্তরা একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। চুরি করার অপরাধে জনতা রিপনকে গণপিটুনি দেয় বলেও জানা তিনি। যুবকটির নাম যে রিপন তা কীভাবে জানলেন- জানতে চাইলে দেলোয়ার বলেন, "মৃত্যুর আগে রিপন নাম বলেছে। তাছাড়া চুরির কথাও স্বীকার করেছে।" রিপনের গ্রামের বাড়ি জামালপুরে। দুইটি লাশ ঢামেক মর্গে রয়েছে। চলতি বছরের জুলাইয়ে আমিনবাজারে ডাকাত সন্দেহে পুলিশের সামনে গণপিটুনিতে ছয় ছাত্রের মৃত্যু হয়। তবে পরে জানা যায় তারা কেউ ডাকাত ছিলেন না। একই মাসে কয়েকদিনের ব্যবধানে নোয়াখালীতে ডাকাতির অভিযোগে ছয় জনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। এর মধ্যে এক জনকে পুলিশ ডাকাত সন্দেহে গ্রেপ্তার করে উত্তেজিত জনতার হাতে তুলে দিয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৭০১ ঘ.