ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেঁচে থাকলে মঙ্গলবার ৪৭ বছরে পা রাখতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেল।
১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বাড়িতে শেখ রাসেলের জন্ম।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট একদল সেনা সদস্যের গুলিতে মাত্র ১১ বছর বয়সে নিহত হন রাসেল। ঘাতকরা প্রথমে রাসেলের বাবা-মা, বড় দুই ভাই ও ভাবিকে হত্যা করে। এরপর রাসেল ও বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরকে বাড়ির দোতলা থেকে নিচে নিয়ে আসে।
নিচতলার একটি ঘরে নিয়ে শেখ নাসেরকে হত্যার পর বন্দুকের সামনে দাঁড় করানো হয় রাসেলকে। সে সময় রাষ্ট্রপতির ব্যাক্তিগত সহকারী মহিতুল ইসলামকে জড়িয়ে ধরে রাসেল বলেন, "ভাইয়া, আমাকে মারবে না তো?"
মহিতুল জবাব দেয়, "না ভাইয়া, তোমাকে মারবে না।"
এ সময় রাসেল মায়ের কাছে যেতে চাইলে মেজর আজিজ পাশার নির্দেশে তাকে জোর করে দোতলায় নিয়ে গুলি করে হত্যা করে এক হাবিলদার। রাসেলের নিথর দেহ পড়ে থাকে ভাবি সুলতানা কামালের পাশে। এর মাঝেই ঘাতকের দল লুটপাট চালায়।
বঙ্গবন্ধুর বাড়িতে সেদিন তার দুই মেয়ে ছিলেন না। বড় মেয়ে শেখ হাসিনা স্বামীর কর্মসূত্রে বিদেশে ছিলেন। ছোট বোন শেখ রেহানাও ছিলেন তার সঙ্গে।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ মঙ্গলবার বনানী গোরস্থানে শেখ রাসেলসহ ১৫ অগাস্টে নিহত সবার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে।
এছাড়া বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল ৩টায় ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১০২১ ঘ.
bdnews24