ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভবনের দেওয়াল ধসে পুরান ঢাকার আলুবাজারে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে হাজী ওসমান গনি রোডের মসজিদ গলিতে এ দুর্ঘটনায় আর কেউ আহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
নিহত আল আমিন (২৬) ওই গলির ক্লাববাড়ি অগ্রণী সংসদ ভবনের তিনতলায় একটি এমব্রয়ডারি কারখানায় কাজ করতেন।
আল আমিনের বাড়ি শরীয়তপুর জেলায়। স্থানীয়ভাবে থাকতেন ঢাকার কেরানীগঞ্জের কালিগঞ্জে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বংশাল থানার ওসি জমির উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টার দিকে কারখানা থেকে বের হয়ে কিছুক্ষণ পর আবার ফিরে আসার সময় ওই ভবনের তিন তলার দেওয়ালের একটি অংশ ধসে পড়ে তার উপর।
ওই কারখানার আরেক শ্রমিক মিজানুর রহমান গুরুতর অবস্থায় রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
ওসি জমির উদ্দিন আহমেদ আরো বলেন, ভবনটি নতুন। শুধু প্লাস্টারের কাজ বাকি রয়েছে। এরইমধ্যে বিভিন্ন ফ্লোর ছোটখাট কারখানাকে ভাড়া দেওয়া হয়েছে।
ভবনটি রাজউকের অনুমোদিত নকশায় নির্মিত কি না তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি ওসি।
লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/ডিডি/০০৪৫ ঘ.
bdnews24