কুষ্টিয়া, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাউল সম্রাট ফকির লালন শাহ'র ১২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়া গ্রামে রোববার শুরু হচ্ছে চার দিনব্যাপী 'লালন স্মরণোৎসব'।
সন্ধ্যায় স্মরণোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত বাউল আব্দুল করিম শাহ।
এরই মধ্যে উৎসবের সব প্রস্তুতি শেষ হয়েছে। দেশি-বিদেশি পর্যটক, লালনপন্থি বাউল-ফকির-ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে লালনের আখড়াবাড়ি (মাজার প্রাঙ্গণ) ও আশপাশের এলাকা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় লালন একাডেমী এ উৎসবের আয়োজন করেছে। চার দিনব্যাপী এ উৎসবে লালন স্মৃতিচারণ, সঙ্গীতানুষ্ঠান ও লালন মেলার আয়োজন করা হয়েছে।
সন্ধ্যায় প্রথম দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
লালন একাডেমীর সাধারণ সম্পাদক তাইজাল আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হয়ে চলবে বুধবার মাঝরাত পর্যন্ত। উৎসবে প্রতিদিনই আলোচনা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন থাকবে।
এদিকে আখড়া বাড়ির পাশেই বসেছে লালন মেলা।
ফকির লালন শাহ ১৮৯০ সালের ১৭ অক্টোবর মৃত্যুবরণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৭৪৬ ঘ.
bdnews24