ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নিউমার্কেট ও যাত্রাবাড়ি এলাকায় দুই জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ওই দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিউমার্কেট তিন নম্বর গেট এলাকায় একটি পিতলের কারখানায় কাজ করার সময় মো. সোহাগ (১৬) নামে এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। অন্য শ্রমিকরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।
এদিকে যাত্রাবাড়ির ধলপুরে শিল্পী আক্তার (২৫) নামে এক গৃহবধূ স্বামীর সঙ্গে অভিমান করে বিষ পানে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
ঢামেক ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিল্পী বাবা, মা ও স্বামী সবাই হাসপাতালে এসেছে। তাদের সঙ্গে আলোচনা করে মনে হয় মেয়েটি অত্যন্ত রাগী ছিলেন।
পারিবারিক কলহের জের ধরে শিল্পী বিষ পান করেছেন বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।
দুটি মৃতদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৬০০ ঘ.
bdnews24