২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূ হত্যার অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা

যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যা এবং এতে সহযোগিতার অভিযোগে ঢাকা জেলার নবাবগঞ্জ থানা পুলিশের এক উপপরিদর্শকসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 05:24 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যা এবং এতে সহযোগিতার অভিযোগে ঢাকা জেলার নবাবগঞ্জ থানা পুলিশের এক উপপরিদর্শকসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নবাবগঞ্জের পূর্বপাড় গ্রামের নিহত গৃহবধূ রোকসানা আক্তারের (৩৫) ভাই মো. হাসান বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা করেন। বিচারক আরিফুর রহমান ঘটনাটি এজাহার হিসাবে নথিভুক্ত করতে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন- রোকসানার স্বামী শাহজাহান, হোসনে আরা হুসি, মো. রমিজ, মো. মিন্টু, মাইজ উদ্দিন ব্যাপারী, সামসুন্নাহার, মো. সফি, আফজাল ব্যাপারী এবং পুলিশের উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান। এদের মধ্যে পুলিশ সদস্য বাদে বাকি আসামিরাপরস্পরের আত্মীয়। তাদের বাড়ি নবাবগঞ্জের শিংজোড়, চৌকিঘাটা ও সোনাপুর গ্রামে। মামলার আরজিতে বলা হয়, রোকসানা এক সময় আবুধাবিতে গৃহকর্মী হিসাবে কাজ করতেন। সেখান থেকে ফেরার পর দশ বছর আগে শাহজাহানের সঙ্গে তার বিয়ে হয়। তাদের তিনটি কন্যা সন্তানও রয়েছে। শাহজাহান এর আগে একটি বিয়ে করলেও তা সে রোকসানার কাছে গোপন রাখে। বাদী আদালতকে জানান, দ্বিতীয় মেয়ে হওয়ার পর রোকসানা চাকরি নিয়ে আবার আবুধাবিতে চলে যান। তিনি বিদেশে থাকা অবস্থায় শাহজাহান আরেক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। রোকসানা দেশে ফিরে বিষয়টি জেনে ফেলে এর প্রতিবাদ করলে তার ওপর নির্যাতন চালায় শাহজাহান। পরে শাহজাহান স্ত্রীর কাছে চার লাখ টাকা যৌতুক দাবি করেন এবং নিয়মিত শারীরিক ও মানসিক নির্যতন করতে থাকেন। রোকসানা তৃতীয়বারের মতো কন্যা সন্তানের জন্ম দিলে শাহজাহান নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন বলেও অভিযোগ করেছেন বাদী হাসান। গত ৩ সেপ্টেম্বর শাহজাহান তার শ্যালক হাসানকে মোবাইল ফোনে জানান, রোকসানা অসুস্থ। এরপর হাসান তার বোনের স্বামী শাহজাহানের বাড়িতে গিয়ে রোকসানাকে মৃত অবস্থায় দেখতে পান। সে সময় তার চেয়ালে আঘাতের চিহ্ন ছিল বলেও আরজিতে উল্লেখ করেছেন হাসান। বাদীর অভিযোগ, এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে উপপরিদর্শক মোস্তাফিজুর হত্যাকারীদের সহযোগিতা করার জন্য মিথ্যা কথা বলে সাদা কাগজে সই নেন। বাদীর আইনজীবী মাহবুব হোসেন রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত এই মামলা এজাহার হিসাবে গণ্য করার জন্য থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২৩২০ ঘ.