২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় মাছ লুটেরাদের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা

বরগুনায় র‌্যাব ও পুলিশের ভুয়া পরিচয় দিয়ে ২২ টাকার মাছ লুটের ঘটনায় সালিশে হাজির হয়ে গ্রামবাসীর কাছে ক্ষমা চেয়েছেন অভিযুক্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 01:08 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

বরগুনা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনায় র‌্যাব ও পুলিশের ভুয়া পরিচয় দিয়ে ২২ টাকার মাছ লুটের ঘটনায় সালিশে হাজির হয়ে গ্রামবাসীর কাছে ক্ষমা চেয়েছেন অভিযুক্তরা। সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের মোল্লারহোরা গ্রামে সোমবার দুুপুরে বিভিন্ন সময়ে মাছ লুটপাটের এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে মোল্লার হোরা গ্রামে সালিশে হাজির হয়ে প্রায় দুশ' গ্রামবাসী এবং ঢলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক স্বপনের উপস্থিতিতে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে অভিযুক্তরা। দরিদ্র জেলেদের কাছ থেকে লুট করে আনা টাকা ও মাছের দাম সন্ধ্যার মধ্যে পরিশোধ করার অঙ্গীকারও করে ওই পাঁচ প্রতারক। এসময় উপস্থিত জেলেরা উল্লাসে ফেটে পড়েন। প্রতারণার অভিযোগ যাদের বিরুদ্ধে, তারা হলেন- হায়দার স্বপন, গোলাম কিবরিয়া, মানিক, সোলায়মান ও আবদুল আজিম। বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নির্দেশে এবং ঢলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল হক স্বপনের উদ্যোগে এ সালিশ হয়। ঢলুয়া ইউপি চেয়ারম্যান আজিজুল হক স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে জেলেদের মাছের দাম ও টাকা ফেরত দেওয়ার কথা দিয়েছে তারা। টাকা ফেরত দেওয়া না হলে আইনের আশ্রয় নেওয়া হবে। সোমবার দুপুরে ওই পাঁচ জন মোল্লারহোরা গ্রামে নোঙর করে রাখা তিনটি ট্রলারের কাছে গিয়ে র‌্যাব-পুলিশ পরিচয় দিয়ে গালাগালি শুরু করে। এক পর্যায়ে র‌্যাবের বড় কর্মকর্তার সঙ্গে মোবাইলে কথা বলার নাটক করে মারমুখী হয়ে জেলেদের নির্যাতনের হুমকি দিয়ে ৩১টি বড় আকারের ইলিশসহ ১৬ হাজার টাকার বেশি দামের ৩৭৫টি মাছ লুট করে। এসময় ওই গ্রামের কয়েকজন বাসিন্দার কাছ থেকেও জাটকা ও ইলিশ মাছ লুট করে তারা। মঙ্গলবার দুপুরে বরগুনা থানার উপপরিদর্শক বশির উদ্দিন, ঢলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক স্বপনসহ সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে হতদরিদ্র জেলেরা কান্নাজড়িত কন্ঠে লুটের বর্ণনা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৯০৫ ঘ.