২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব আইনবহির্ভূত কিছু করছে না: প্রধানমন্ত্রী

যখন র‌্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছিলো, তখন কোনো অভিযোগ ছিলো না। কিন্তু যখন জঙ্গিবাদ দমনে সফল হতে শুরু করেছি, তখন অভিযোগ আনা হচ্ছে কেন- প্রশ্ন প্রধানমন্ত্রীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 07:10 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের কার্যক্রম নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর ব্যাপক সমালোচনার মধ্যেই প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাস দমনে গঠিত বিশেষ এ বাহিনী আইনবহির্ভূত কোনো কাজ করছে না। তবে তিনি একইসঙ্গে বলেছেন, অতীতে এ বাহিনীকে 'রাজনৈতিকভাবে' ব্যবহার করা হয়েছিলো। সপ্তাহ খানেক আগে যুক্তরাষ্ট্র সফরের সময় ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী র‌্যাব নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন। এ সাক্ষাৎকারটি গত ১১ অক্টোবর প্রকাশ হয়েছে। ওয়াশিংটন পোস্ট প্রশ্ন করে- বাংলাদেশের র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা বিচার ও শাস্তির কাজটি নিজেরাই করে এবং এজন্য তাদের কোনো জবাবদিহি করতে হয় না। প্রধানমন্ত্রী বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আইনবর্হিভূতভাবে কোনো কাজ করছে না, বরং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা এ বাহিনী জঙ্গিবাদ দমনে ব্যাপক ভূমিকা রাখছে। "নথিপত্র ঘাঁটলে দেখা যাবে, অতীতে এ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিলো, তবে বর্তমানে নিয়মনীতি মেনেই এ বাহিনী কাজ করছে," বলেন তিনি। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, র‌্যাব বিচারবহির্ভূতভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে। এ জন্য বাংলাদেশকে অস্ত্র সরবরাহ না করতে অন্য দেশগুলোর প্রতি গত অগাস্টে আহ্বান জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টির হিসাবে, ২০০৪ সালে র‌্যাব গঠনের পর এ পর্যন্ত অন্তত ৭০০ মানুষকে 'বিনা বিচারে' হত্যা করা হয়। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যাওয়ার পর ২০১১ সালের মাঝামাঝি পর্যন্ত ২০০ মানুষ র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়। এ সব হত্যাকাণ্ড নিয়ে যে তদন্ত হয়েছে, তাও অস্পষ্ট। তবে র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ উঠলে তার তদন্ত হয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "কেউ অন্যায়কে প্রশ্রয় দিলে আমরা তাকে আইনের আওতায় আনি। এ বাহিনীর কোনো সদস্য আইনবহির্ভূত কাজ করলে, তাকেও বিচারের মুখোমুখি হতে হয়। এমনকি সে তার চাকরিও হারাতে হয়।" হাসিনা বলেন, ২০০৪ সালে এ বাহিনী গঠন করার পরে তৎকালীন সরকার একে রাজনৈতিকভাবে ব্যবহার করে বিচারবহির্ভূতভাবে অনেক হত্যাকাণ্ড ঘটায়। একসময় অবস্থা এমন হয় যে, র‌্যাবের বিরুদ্ধে কথা বলার কেউ ছিলো না। "আমার মনে হয়, আমিই প্রথম ব্যক্তি যে র‌্যাবের ওইসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলেছি। আমরা সরকার গঠনের পরে র‌্যাব নিয়মানুযায়ী কাজ করছে এবং পত্রপত্রিকায় রাজনৈতিক হয়রানির শিকার হওয়ার খবরও এখন পাওয়া যায় না।" জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সরকারের কার্যক্রমের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পরিশ্রম করছে। "যখন র‌্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছিলো, তখন এর বিরুদ্ধে কারো কোনো অভিযোগ ছিলো না। কিন্তু আমরা যখন জঙ্গিবাদ দমনে সফল হতে শুরু করেছি, তখন র‌্যাবের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ আনা হচ্ছে। আমি বুঝতে পারি না, এটা কেন হচ্ছে," প্রশ্ন করেন হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৩০৫ ঘ. এ সম্পর্কিত আরো খবর ক্স র্যা বকে অস্ত্র দেওয়া বন্ধ করুন: অ্যামনেস্টি