মানিকগঞ্জ, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে বাসের ধাক্কায় একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরে মারা গেছেন এ চালক।
সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত অ্যাম্বুলেন্স চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মুরাদ মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েটিফোর ডটকমকে জানান, ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংর্ঘষ হয়।
"সংর্ঘষের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকের মৃত্যু হয়," বলেন তিনি।
অ্যাম্বুলেন্সটিতে ওই সময় কোনো রোগী ছিলো না।
পুলিশ কর্মকর্তা মুরাদ বলেন, পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়েছে।
অ্যাম্বুলেন্স চালকের লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩১ ঘ.
bdnews24