ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালীতে একটি লেগুনা উল্টে চার যাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মহাখালী ফ্লাইওভারের জাহাঙ্গীরগেট প্রান্তে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
আহতদের মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে।
ওই এলাকায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট মো. জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লেগুনাটি মিরপুর থেকে মহাখালী আসছিলো। চালকের অসতর্কতায় এটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এরপর লেগুনাটি উল্টে গিয়ে ফুটপাতে পড়ে।
দাঁড়িয়ে থাকা গাড়িটির চালক হারুন অর রশিদ বলেন, "জরুরি একটি টেলিফোন আসায় গাড়ি থামিয়ে কথা বলছিলাম। হঠাৎ লেগুনাটি গাড়িতে ধাক্কা মারে এবং পরক্ষণেই এটি উল্টে যায়।"
আহত চার জন বিভিন্ন স্থানে চোট পেলেও তারা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24