ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোয়েন্দা পুলিশের তিন পরিদর্শককে ধরার জন্য অভিযান চালানোর পর বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হয় বলে দাবি করেছেন এনএসআইয়ের একজন পরিচালক।
এনএসআই কার্যালয়ে সোমবার সংস্থার পরিচালক (অভ্যন্তরীণ) মো. সফিক উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান অপরাধ বিষয়ক প্রতিবেদক লিটন হায়দারসহ কয়েকজন সাংবাদিককে বলেন, "আমাদের ডিজি তিন পুলিশ আটকের বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী ব্যবস্থা নেওয়ার জন্য বলেছিলেন।"
ওই কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রীকে জানিয়েই অভিযান চালানো হয় বলে খবর প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। খবর প্রকাশের পর তিনি টেলিফোনে ব্যাখ্যা করে জানান, অভিযানের আগে নয়, পরে বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন এনএসআই মহাপরিচালক।
এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ঢাকা মহানগর ডিবির পরিদর্শক শফিউদ্দিন শেখ, রুহুল আমিন এবং গিয়াস উদ্দিনকে গত বৃহস্পতিবার রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের সামনে থেকে আটক করে এনএসআই কর্মকর্তারা। ওইদিনই তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়। গঠন করা হয় তদন্ত কমিটি।
এনএসআই কর্মকর্তারা বলছেন, ওই ব্যবসায়ীর কাছ থেকে তথ্য পেয়ে 'ভুয়া ডিবি' ধরার জন্য সেদিন হলি ফ্যামেলির সামনে ফাঁদ পেতেছিলেন তারা। আর তাতেই ধরা পড়েন পুলিশের ওই তিন গোয়েন্দা। অন্যদিকে পুলিশের অভিযোগ, পরিচয় দেওয়ার পরও তিন গোয়েন্দাকে ধরে নিয়ে গিয়ে মারধর করে এনএসআই।
এই পরিস্থিতিতে দৃশ্যত টানাপড়েন শুরু হয় সরকারের এ দুটি সংস্থার মধ্যে।
মো. সফিক উল্লাহ বলেন, "পুলিশের মধ্যে একটি গ্র"প এনএসআই এবং পুলিশ বিভাগের ভাবমূর্তি ক্ষুণœ করার চেষ্টায় লিপ্ত।"
"ঘুষ নেওয়ার সময় আটক গোয়েন্দা পুলিশের তিন পরিদর্শক, তাদের নেতৃত্বে থাকা একজন সহকারী কমিশনার এবং যারা সংবাদ মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে- তাদের ব্যাপারে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দেওয়া হবে," যোগ করেন এই এনএসআই কর্মকর্তা।
যার বিরুদ্ধে ওই তিন পরিদর্শকের প্রতারণার সঙ্গী হিসেবে থাকার অভিযোগ এনেছে এনএসআই, পুলিশের সেই সহকারী কমিশনার ছানোয়ার হোসেন অবশ্য পুরো বিষয়টি অস্বীকার করেছেন। রোববার তিনি পাল্টা অভিযোগ করেন এনএসআই কর্মকর্তাদের বিরুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঘটনার পরপরই ওই তিন পরিদর্শকের সঙ্গে তার কথা হয়। তারা জানিয়েছেন, চোখ বেঁধে তাদের এনএসআই কার্যালয়ে নেওয়ার পর হাত পিছমোড়া করে বাঁধা হয়। তারপর ওপর করে শুইয়ে কিলঘুষি মারার পাশাপাশি লাঠি দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করা হয়।
"এই মারধরের কারণে পরিদর্শক শফিউদ্দিনের বাম চোখ নষ্ট হওয়া দশা হয়েছে। ডাক্তাররাও চোখটি ভাল হওয়ার নিশ্চয়তা দিতে পারছেন না। তাছাড়া আঘাতের কারণে রুহুল আমিনের মাথার ভেতরে রক্ত জমাট বেঁধে গেছে। ডাক্তাররা তাকে ঘুম পাড়িয়ে রাখছেন," যোগ করেন তিনি।
গত বৃহস্পতিবার তিন গোয়েন্দাকে বরাখাস্ত করার পরপরই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ন কমিশনার মীর শহিদুল ইসলামকে বিষয়টি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়। রোববার এনএসআইয়ের একজন পরিচালককে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।
মীর শহিদুল রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যে ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে এনএসআইর সদস্যরা সেদিন হলি ফ্যামিলি হাসপাতালের সামনে গিয়েছিলেন, তার নাম জুয়েল। তাকে কমিটির সামনে হাজির করতে এনএসআইকে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হবে।
অবশ্য সফিক উল্লাহর দাবি, সেদিন কোনো 'অপরাধ করেনি' এনএসআই।
"আইন অনুযায়ী এনএসআই গ্রেপ্তারের ক্ষমতা রাখে। সেদিন সেটাই করেছিল। ওই তিন পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগও সঠিক নয়।"
সেক্ষেত্রে একজন পরিদর্শক কীভাবে চোখে আঘাত পেলেন- এমন প্রশ্নের জবাবে এনএসআই পরিচালক বলেন, "হালিফ্যামিলি হাসপাতালের সামনে থেকে তাদের আটকের সময় একজনের কাছে থাকা অস্ত্র বের করতে চাইলে কিছু ধস্তাধস্তি হয়। সে সময় একজনের চোখে অস্ত্রের আঘাত লাগতে পারে।"
অবশ্য আটকের পরপরই ওই তিন পরিদর্শককে চোখ বেঁধে হাতকড়া পরানোর বিষয়টি স্বীকার করেন তিনি।
সফিক উল্লাহ বলেন, "আটকের পর তারা ১০/১৫ মিনিট এনএসআইয়ের কাছে ছিল। তারপরেই গোয়েন্দা কর্মকর্তারা আসেন। ফলে তাদের মারার কোনো সুযোগ নেই।"
তিনি দাবি করেন, অভিযানের আগে পুলিশের সাহায্য চাওয়ার প্রয়োজন হতে পারে- এই চিন্তা থেকে রমনা বিভাগের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছিল।
'তথ্যদাতা' জুয়েল
তিন পরিদর্শকের বিরুদ্ধে অভিযোগকারী ব্যবসায়ী জুয়েল সম্পর্কে পরিচালক জানান, তার একটি ক্লিনিক আছে। কিছুদিন আগে জুয়া খেলার জন্য জুয়েল বাড্ডা এলাকায় যায়। কিন্তু একটি গ্র"প সেখানে অভিযান চালিয়ে সবার কাছ থেকে টাকা কেড়ে নেয়। কিন্তু জুয়েলসহ অরো একজনের কাছে আশানুরূপ টাকা না পেয়ে তাদের গাড়িতে তুলে নেয়।
জুয়েলকে উদ্ধৃত করে এনএসআই পরিচালক বলেন, "পরে তিন লাখ টাকার জন্য স্ত্রীকে ফোন করতে বাধ্য করা হয় জুয়েলকে। সেই সঙ্গে ব্যাংকের চেক বইও আনতে বলা হয়। তাদের দেওয়া ঠিকানা অনুযায়ী জুয়েলের স্ত্রী ব্যাংকের খালি চেকের পাতা এবং নগদ ২৬ হাজার টাকা নিয়ে কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় আসেন।"
এরপর টাকা এবং চেকে তিন লাখ টাকা লিখে নিয়ে জুয়েলকে ছেড়ে দেয় অপহরণকারীরা। তাকে জানানো হয়, চেকের সমপরিমাণ টাকা দিলে চেকটি ফিরিয়ে দেওয়া হবে।
এরপর তারা টাকা আদায়ের জন্য জুয়েলকে বারবার ফোন করলে তিনি এ ব্যাপারে অভিযোগ করেন। ওই অভিযোগ পেয়ে 'ঊর্ধতন কর্তৃপক্ষের' অনুমতি নিয়েই বৃহস্পতিবার প্রতারকদের ধরতে 'ফাঁদ' পাতা হয় বলে দাবি করেন সফিক উল্লাহ।
"তিন পুলিশ পরিদর্শককে আটকের পর জুয়েলের দেওয়া তিনলাখ টাকার চেকসহ আরো একটি তিন লাখ টাকার এবং আরেকটি ২০ হাজার টাকার চেক তাদের পকেটে পাওয়া যায়।"
এনএসআই পরিচালক আরো দাবি করেন, ওই তিনজনকে আটকের পর গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সহকারী কমিশনার ছানোয়ার হোসেন এনএসআই কার্যালয়ে আসেন। তাদের সবার সামনে তিন পরিদর্শক ছানোয়ারের বিরুদ্ধে জুয়েলের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/০১১৮ ঘ.
bdnews24