গাজীপুর, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে স্থগিত আটটি কেন্দ্রে আগামী ২৯ অক্টোবরের মধ্যে ভোট গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রোববার নির্বাচন কমিশন বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল কবীর।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকোর্টের নির্দেশের পরিপেক্ষিতে নির্বাচন কমিশন কার্যালয় আগামী ২৯ অক্টোবরের মধ্যে স্থগিত কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।
গত ১৭ জানুয়ারি কালিয়াকৈর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পরই সাত ও আট নম্বর ওয়ার্ডের আটটি কেন্দ্রের ভোটার তালিকায় গড়মিল ধরা পড়ে।
এর জেরে ওইদিনই নির্বাচন কমিশনের নির্দেশে ইউএনও ওই আট কেন্দ্রের নির্বাচন স্থগিত ঘোষণা করেন।
ইউএনও আরো জানান, মেয়র পদপ্রার্থী শিকদার মোশারফের দায়ের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই রায় দেয়।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এ ব্যাপারে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলেও ইউএনও জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৪৩ ঘ.
bdnews24