২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশিদের মৃত্যুদণ্ড আইনানুগ: সৌদি রাষ্ট্রদূত

আট বাংলাদেশি দোষ স্বীকার করায় সৌদি আরবের আইন অনুযায়ী আদালত তাদের মৃত্যুদণ্ড দেয়- বলেছেন ঢাকায় নিয়োজিত সৌদি রাষ্ট্রদূত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আট বাংলাদেশি দোষ স্বীকার করায় সৌদি আরবের আইন অনুযায়ী আদালত তাদের মৃত্যুদণ্ড দেয়- বলেছেন ঢাকায় নিয়োজিত সৌদি রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত আব্দুল্লাহ এন বুসারি সোমবার সাংবাদিকদের বলেন, "২০০৭ সালে এ বিচার শুরু হয় এবং তারা দোষ স্বীকার করেছিলেন।" এ ঘটনা সৌদি-বাংলাদেশ সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন তিনি। চার বছর আগে এক মিশরীয় নিরাপত্তারক্ষীকে হত্যার অপরাধে শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রকাশ্যে আট বাংলাদেশির শিরশ্ছেদ করা হয়। বুসারি বলেন, "তাদের প্রতি বৈষম্য করা হয়নি। সেদিন একই ধরনের অপরাধে এক সৌদি নাগরিকেরও শিরশ্ছেদ করা হয়।" "ওই অপরাধে প্রত্যক্ষভাবে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় অন্য তিন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।" দণ্ড মওকুফের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "কেবল ক্ষতিগ্রস্তের পরিবারই একজন দণ্ডপ্রাপ্তকে ক্ষমা করতে পারে।" "আল্লাহর আইনে কেবল ক্ষতিগ্রস্তের পরিবারই দণ্ডপ্রাপ্তদের ক্ষমা করতে পারে। এ ঘটনায় ওই মিশরীয় পরিবার তাদের ক্ষমা করতে অস্বীকৃতি জানিয়েছিলে।" রাষ্ট্রদূত বলেন, "রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তরা ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে 'ব্লাড মানি'র বিনিময়ে ক্ষমা চেয়েও ব্যর্থ হয়েছিলেন।" এ ঘটনা নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে সৌদি রাষ্ট্রদূত বলেন, "তারা তাদের মতামত দিতে পারে। কিন্তু এটা আল্লাহর আইন এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই।" মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশাল এ মৃত্যুদণ্ডের কঠোর সমালোচনা করেছে। ওই আট বাংলাদেশির বিরুদ্ধে ২০০৭ সালের এপ্রিলে একটি গুদামে ডাকাতি এবং ওই গুদামের মিশরীয় নিরাপত্তাকর্মী হুসেইন সাইদ মোহাম্মেদ আবদুল খালেককে হত্যার অভিযোগ আনা হয়েছিলো। ওই আট বাংলাদেশি হলেন, মামুন আবদুল মান্নান, ফারুক জামাল, সুমন মিয়া, মোহাম্মদ সুমন, শফিক আল-ইসলাম, মাসুদ শামসুল হক, আবু হুসেইন আহমেদ এবং মতিয়ার আল- রহমান। তারা সবাই শ্রমিক ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/১৯২৭ ঘ.