২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ব্যবসায়ীর লাশ উদ্ধার

রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বরের শর্মা প্যালেসের পঞ্চম তলা থেকে এক ব্যবসায়ীর অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 04:01 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বরের শর্মা প্যালেসের পঞ্চম তলা থেকে এক ব্যবসায়ীর অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমন কুমার দত্ত (৩৬) 'টেক আইটির' মালিক বলে পুুলিশ জানায়। রোববার বিকেল ৫টার দিকে তার প্রতিষ্ঠানের তালা ভেঙে অফিস কক্ষের মেঝে থেকে লাশ উদ্ধার করা হয়। ওই অফিসের দুই কর্মচারী পলাশ ও জামান সাংবাদিকদের বলেন, পূজা উপলক্ষ্যে শনিবার পর্যন্ত তারা ছুটিতে ছিলেন। গত বুধবার অফিস থেকে যাওয়ার সময় অফিসে শুধু মালিক সুমন কুমার ও পিয়ন আবদুল করিম ছিলেন। তারা বলেন, শনিবার অফিসে এসে তালা দেখতে পেয়ে তারা মালিককে ফোন করেন। কিন্তু নম্বর বন্ধ পাওয়া যায়। পিয়ন করিমকে ফোন করলেও তার নম্বরও বন্ধ পাওয়া যায়। "রোববার এসেও অফিস বন্ধ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ অফিসের তালা ভেঙে লাশ উদ্ধার করে।" মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ধারণা করা হচ্ছে পিয়ন করিম ভারি কিছু দিয়ে আঘাত করে সুমনকে হত্যার পর ওই অফিস থেকে কিছু মালামাল নিয়ে পালিয়ে যায়।" নিহতের বাবা গত পাঁচদিন ধরে ছেলেকে খুঁজতে বারবার এই অফিসের কাছে এসেছেন। কিন্তু তার কাছে কোনো চাবি না থাকায় অফিসে ঢুকতে পারেননি বলে তিনি পুলিশকে জানিয়েছেন। এসআই আমিনুল বলেন, "ওই অফিসের দুটি চাবির মধ্যে একটি সুমনের কাছে আরেকটি পিয়ন করিমের কাছে ছিলো।" ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/আরএম/পিডি/২১৪২ ঘ.