ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৩ হাজার ৫৮৬ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এর মধ্যে শুধু চট্টগ্রামে উপকূলীয় বিভিন্ন এলাকা থেকে জব্দ করা হয় ২৭ হাজার ৯৬০ কেজি।
আশ্বিনী পূর্ণিমার দিন এবং এর আগে ও পরের পাঁচ দিন করে মোট ১১ দিন সময়কে প্রজনন মৌসুম ধরে ৬ অক্টোবর থেকে ১৬ অক্টোবর ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা রয়েছে।
বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
চট্টগ্রাম
: চট্টগ্রামে কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাট, আনোয়ারা ও বাঁশখালী সমুদ্র উপকূলে শনিবার রাতভর অভিযান চালিয়ে ২৭ হাজার ৯৬০ কেজি ইলিশ জব্দ এবং ৫০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর। এদের মধ্যে নয় জনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
কোস্টগার্ড চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা লে. কমান্ডার জসিম উজ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোস্টগার্ড চট্টগ্রাম অঞ্চলের সমুদ্র উপকূলে অভিযান চালিয়ে ২৪ হাজার ৯৬০ কোজি ইলিশ মাছ জব্দ করা হয়। কর্ণফুলী নদী ও বহির্নোঙ্গর এলাকা, সাঙ্গু নদী, কক্সবাজার ও মিরসরাই এলাকায় এ অভিযানে ৪১ জেলেকে আটকের পাশাপাশি ৭টি বোটসহ ৬ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫টি বিন্দি জাল জব্দ করা হয়েছে।
বাঁশখালীতে ইলিশ মাছ ধরার অপরাধে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে নয় জেলেকে।
জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব জানান, বাঁশাখালীতে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় ওই নয় জেলেকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। সেখানে জেলেদের কাছ থেকে তিন হাজার ইলিশ মাছও আটক করা হয়।
এ ছাড়া আনোয়ার উপজেলার কয়েকটি বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ১২ হাজার টাকা জরিমানা করেছে বলে জানান তিনি।
বরগুনা
: পাথরঘাটা থানা পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা শনিবার রাতে পৃথক অভিযানে বঙ্গোপসাগর, বিষখালী নদী ও পায়রা নদী থেকে পাঁচ হাজার ২৩০ কেজি ইলিশ মাছ, পাঁচ হাজার মিটার ইলিশ ধরার জাল, ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও পাঁচ হাজার মিটার সাইন জাল আটক করেছে।
পিরোজপুর
: বরিশাল র্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) সাজ্জাদ হোসেন জানান, সদর উপজেলার পাড়েরহাট মৎস্য বন্দর থেকে শনিবার রাতে ডিমওয়ালা ১৫শ' কেজি ইলিশ মাছ আটক করেছে র্যাব।
নোয়াখালী
: উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুনুর রশীদের নেতৃত্বে মেঘনার কাজিরবাজার থেকে নলচিরা ঘাট পর্যন্ত কোস্টগার্ড অভিযান চালিয়ে ৬৫ কেজি ইলিশ মাছ ও ৬০ হাজার মিটার জাল আটক করে। রোববার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত ওই অভিযান চালানো হয়।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান ও কোস্টগার্ড কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
চাঁদপুর
: নিষেধাজ্ঞা অমান্য করে রোববার ভোরে মেঘনায় মাছ শিকারের উদ্যোগ নিলে চাঁদপুরে ৯০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট জহুরুল হক জানান, আটক করা জালের মূল্য প্রায় ৫১ লাখ ৩০ হাজার টাকা। এসব জাল ডাকাতিয়া নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়েছে।
বাগেরহাট
: মোরেলগঞ্জ বাজার থেকে ভ্রাম্যমাণ আদালত রোববার দুপুরে ৮০ কেজি ইলিশ মাছ আটক করেছে। এ ছাড়া বলেশ্বর নদের সন্ন্যাসী খালে জাটকা ধরার জন্য পেতে রাখা দুইশ' মিটার অবৈধ জাল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোহর আলী জানান, আদম, হাসান ও এসকেন্দার নামে মোরেলগঞ্জ বাজারের তিন জন মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৮০ কেজি ইলিশ আটক করা হয়।
একই অভিযানে সন্নাসী খাল থেকে দুইশ' মিটার অবৈধ জালও জব্দ করা হয়। এই জাল ধ্বংস করা হয়েছে।
এ ছাড়া শনিবার বলেশ্বর নদী থেকে শরণখোলা উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড ছয় হাজার মিটার বিভিন্ন ধরনের অবৈধ জাল আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউ/ডিডি/এএল/২০৫১ ঘ.
bdnews24