২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানসিক সমস্যায় ভুগছেন দশে ৩ জন

বাংলাদেশে প্রতি দশ জনে তিনজন কোনো না কোনো মানসিক রোগে ভুগলেও তাদের অধিকাংশই একে গুরুত্ব দেন না। আর এ কারণে তাদের জটিলতা আরো বাড়ে। জানাচ্ছেন নুরুল ইসলাম হাসিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 12:20 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

নুরুল ইসলাম হাসিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে প্রতি দশ জনে তিনজন কোনো না কোনো মানসিক রোগে ভুগলেও তাদের অধিকাংশই একে অসুস্থতা বলে মনে করেন না। আর এ কারণে তাদের জটিলতা আরো বাড়ছে বলে সতর্ক করে দিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যপক গোলাম রাব্বানি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমকে তিনি বলেন, "সমাজ আর জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানসিক রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।" অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রোববার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হবে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য- মানসিক অসুস্থতা প্রতিরোধ, চিকিৎসা এবং এ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে বিনিয়োগে মানুষকে উৎসাহিত করা। রাব্বানি বলেন, "মানসিক সমস্যা যাদের আছে, তাদের বেশিরভাগই অবহেলিত। অনেক ক্ষেত্রেই দেখা যায়, তারা মনেই করেন না যে, এটা একটা অসুখ। অবস্থা খারাপ হলেই কেবল তারা মনোবিজ্ঞানী বা মনোচিকিৎসকের কাছে যান।" 'অবসেসিভ-কমপালসিভ ডিজওর্ডার' -এর চিকিৎসার অংশ হিসেবে সপ্তাহে দুইবার মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে থেরাপি নিতে আসেন তসলিমা আখতার। তিনি আগে জানতেনই না যে তিনি অসুস্থ। তসলিমার স্বামী মোসলেম আলিও প্রথমে বুঝতে পারেননি বিষয়টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সে হাত এবং রান্নার সরঞ্জাম ঘন ঘন পরিস্কার করতো। এমনকি সে হাড়ি-পাতিল প্রায়ই বদলাতো। দিনে দিনে এ সমস্যা আরও প্রকট হয়। আমরা আমাদের এক আত্মীয়ের অনুরোধে মনোচিকিৎসক দেখাই। তিনি জানান, সমস্যাটি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।" মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা যায়, দেশে ১৮ বছরের বেশি বয়সীদের ১৬ শতাংশ কোনো না কোনো মানসিক অসুস্থতায় ভুগছেন। পাঁচ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে এ হার ১৮ শতাংশ। রাব্বানি বলেন, "আগে পরিবারের সদস্যরা একসঙ্গে বাস করতো। কিন্তু এখন একক পরিবার বাড়ছে। প্রত্যেকের চাহিদাও বাড়ছে। অথচ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেক ক্ষেত্রেই তারা এসব চাহিদা পূরণ করতে পারে না। এর ফলে মানসিক রোগের ঝুঁকি বাড়ে। কিন্তু লক্ষণগুলো রোগ বাড়ার আগ পর্যন্ত নজরে পড়ে না।" মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণায় দেখা যায়, বয়ষ্ক মা-বাবা, একক পরিবার এবং মানসিক সমস্যায় ভুগছেন- এমন দম্পতির সন্তানরা মাদকের প্রতি বেশি আসক্ত হয়। তাদের মাদকসেবন আর মানসিক অসুস্থতার মধ্যে জোড়ালো যোগসূত্র পাওয়া যায়। রাব্বানি বলেন, মানসিক অসুস্থতা কেবল একজন ব্যক্তি বা একটি পরিবারকে পঙ্গু করে দেয় না, এটা বুদ্ধিমান ভবিষ্যৎ প্রজম্ম গড়ারও অন্তরায় হয়ে দাঁড়ায়। পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থায় এটা ক্ষতিকর প্রভাব ফেলে। "এখন স্বাস্থ্য বিষয়ক আলোচ্যসূচিতে মানসিক সুস্থ্যতার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে, যা আগে কখনোই পায়নি। আগে কেবল বড় বড় হাসপাতালে মানসিক রোগের চিকিৎসা হতো। কিন্তু এখন সরকার তৃণমূল পর্যায়েও এই চিকিৎসা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।" তিনি জানান, স্বাস্থ্যখাতের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অন্যান্য শারীরিক রোগের সঙ্গে মানসিক স্বাস্থ্যকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের এ ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আর কমিউনিটি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে মানসিক রোগের প্রাথমিক চিকিৎসা দেওয়ার উপযুক্ত করে গড়ে তোলা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এসইউ/১৮০৯ ঘ.